১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক প্রশান্ত নীলের সিনেমায় কাজ করতে চলেছেন আমির খান। আর তার সঙ্গে অভিনয় করছেন আরেক সুপারহিট দক্ষিণী তারকা জুনিয়র এটিআর।

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

বিরতি থেকে ফিরে আমির খান যাচ্ছেন ভারতের দক্ষিণী ইন্ড্রাস্ট্রিতে

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 02:59 PM

Updated : 01 Jan 2023, 03:52 PM

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা থেকে কিছুদিনের জন্য বিরতি নেওয়া আমির খান এবার বলিউড থেকেই মুখ ফেরাচ্ছেন; মিস্টার পারফেকশনিস্টের আগামী যাত্রা দক্ষিণী সিনেমা।

সিনে পোর্টাল পিংকভিলা জানিয়েছে, দক্ষিণী পরিচালক প্রশান্ত নীলের সিনেমায় কাজ করতে চলেছেন আমির খান। আর তার সঙ্গে অভিনয় করছেন আরেক সুপারহিট দক্ষিণী তারকা জুনিয়ার এটিআর।

প্রশান্ত নীল এ মুহূর্তে তার ‘সালার’ সিনেমার কাজে ব্যস্ত। সেই ব্যস্ততা মিটলে তিনি আমির ও জুনিয়র এনটিআরকে এক পর্দায় নিয়ে আসার কাজ শুরু করবেন।

নতুন বছরের মাঝ নাগাদ সিনেমার শুটিংও শুরু হতে পারে বলেও পিংকভিলার প্রতিবেদনে জানানো হয়েছে।

পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত নীল বলেন, “নতুন সিনেমায় জুনিয়র এনটিআর ও আমির খানকে নিয়ে যা যা ভেবেছি, তাতে আমি রোমাঞ্চিত। তবে এখনই এর চেয়ে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।“

৫৭ বছর বয়সী আমির সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে বলেছিলেন, তিনি এখন কিছুদিন অভিনয়ে বিরতি দিতে চান, দেড় বছর কোনো সিনেমা করবেন না। এই সময়টা তিনি পরিবারকে দিতে চান।

এমনিতেই বেছে বেছে সিনেমা হাতে নেন কাজের ক্ষেত্রে ‘খুঁতখুঁতে’ আমির। সাধারণত দুই কি তিন বছর পরপর তার সিনেমা মুক্তি পায়। ভক্তরাও ‘মুখিয়ে’ থাকেন সিনেমায় আমিরকে পেতে। কারণ আমির খান মানেই নতুন ‘চমক’।

‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে আমির খানের শুরু ১৯৮৮ সালে। এরপর সেলুলয়েডের পর্দায় তথাকথিত ‘হিরো’ হয়েই থাকেননি। নিজেকে ভেঙে-গড়ে বলিউডে ‘বহুমাত্রিক’ এক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে এমন এক সময়ে তিনি বিরতির ঘোষণা দিয়েছেন, যখন তার সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চরম ব্যর্থ।

হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’র মুক্তির আগে ও পরে নানা ধরনের সমালোচনা সইতে হয়েছে আমিরকে। এর মধ্যেই খবর রটেছিল, ফের একটি রিমেক সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। পরে অবশ্য সংবাদ সম্মেলেন এসে মানুষের ভুল ধারণা ভাঙাতে আমির জানান, নতুন রিমেক সিনেমা ‘চ্যম্পিয়নে’ তিনি অভিনয়ে নয়, প্রযোজনায় থাকছেন।

এবারে জানা গেল, বলিউডেই নয়, আমির খান এগোচ্ছেন দক্ষিণী সিনেমা নিয়ে।

পুরানো খবর:

হঠাৎ বিরতি ঘোষণা আমির খানের, কেন?