১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'নয়ন রহস্য' সমাধানে ‘ফেলুদা’ হয়ে ফের আসছেন ইন্দ্রনীল

ফেলুদার গোয়েন্দা কাহিনী নিয়ে আগের সিনেমা ‘হত্যাপুরী’ টিমই থাকছে নতুন সিনেমায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 02:46 PM

Updated : 11 Aug 2023, 02:46 PM

সত্যজিৎ রায়ের ‘নয়ন রহস্য’ বইয়ের নয়নের অন্তর্ধান রহস্যের জট খুলতে বড় পর্দায় আসছেন গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র, ওরফে ফেলুদা।

ফেলুদা হিসেবে আবারও ধরা দিচ্ছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে তোপসে হয়ে থাকছেন আয়ুষ দাস। লালমোহন গাঙ্গুলির চরিত্রে আছেন অভিজিৎ গুহ।

অর্থাৎ ফেলুদার গোয়েন্দা কাহিনী নিয়ে আগের সিনেমা ‘হত্যাপুরী’ টিমই থাকছে নতুন সিনেমায়।

হিন্দুস্তান টাইম জানিয়েছে, সন্দীপ রায়ের পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমা। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। 

সন্দীপ রায় এই সিনেমা তৈরির ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের মে মাসের ২ তারিখে, বাবা সত্যজিতের ১০৩তম জন্মবার্ষিকীতে।

গত বছর ‘হত্যাপুরী’ সিনেমা দিয়ে পাঁচ বছর পর বড় পর্দায় ফেরে ফেলুদা। এর মাঝে ওটিটিতে ‘ফেলুদা’র কয়েকটি গল্প সিরিজ হয়ে এসেছে।

প্রথমবার গোয়েন্দা ফেলুদা নিয়ে যে ওয়েব সিরিজটি তৈরি হয় বাংলাদেশে, সেটি ছিল এই ‘নয়ন রহস্য’ নিয়েই।

‘নয়ন রহস্য’ অবলম্বনে ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপের জন্য তৈরি করা ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন তৌকির আহমেদ।

সেখানে আহমেদ রুবেল হয়েছিলেন ফেলুদা। জটায়ু চরিত্রে আজাদ আবুল কালাম এবং নওফেল আশরাফি জিসান তোপসে চরিত্রে অভিনয় করেন।

‘ফেলুদা’র গোয়েন্দা কাহিনি নিয়ে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দুটি ধারাবাহিক এসেছে ওটিটিতে। যেখানে ফেলুদা হয়েছেন টোটা রায় চৌধুরী। জটায়ু চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তোপসে চরিত্রে কল্পন মিত্র।

কালজয়ী এই চরিত্রটির ভূমিকায় কাজ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। তোপসে হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়, আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

পরমব্রত অভিনীত ওয়েব সিরিজ ‘সাবাশ ফেলুদা’ নির্মিত হয়েছে সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল অবলম্বনে।

সত্যজিৎ রায় নিজে ফেলুদাকে নিয়ে দুটো সিনেমা বানিয়েছিলেন। তার পরিচালনায় ‘সোনার কেল্লা’ এবং ‘জয় বাবা ফেলুনাথ’ চলচ্চিত্রে ফেলুদার ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অনেক দর্শকের মনে ফেলুদা বলতে এখনও সৌমিত্রের চেহারাই আসে।

সত্যজিতের ছেলে সন্দীপ রায় পরে ফেলুদার গল্প নিয়ে বানিয়েছেন ‘বাক্স রহস্য’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘কৈলাসে কেলেঙ্কারি’, ‘টিনটোরেটোর যীশু’, ‘গোরস্থানে সাবধান’, ‘রয়েল বেঙ্গল রহস্য’ আর ‘ডবল ফেলুদা’। এসব সিনেমায় ফেলুদা হয়েছেন সব্যসাচী চক্রবর্তী। অনেক দর্শকের মতে, ফেলুদা চরিত্রটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছেন সব্যসাচী। 

সন্দীপ রায় ২০১৪ সালে বাদশাহী আংটি বানিয়েছিলেন ফেলুদা চরিত্রে আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে। ওই সিনেমায় তোপসে হয়েছিলেন সৌরভ দাস।

আরও পড়ুন:

পুরানো খবর:

ফেলুদা হিসাবে মানাচ্ছে? জবাব দিলেন পরমব্রত

পুরানো খবর:

ওয়েব সিরিজ ‘সাবাশ ফেলুদা’র টিজার প্রকাশ

পুরানো খবর:

সৃজিতের ‘ফেলুদা’কে নিয়ে সমালোচনা

পুরানো খবর:

সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে নতুন সিনেমার ঘোষণা ছেলের

পুরানো খবর:

আমি ফেলুদা নই: সব্যসাচী চক্রবর্তী

পুরানো খবর:

ফেলুদা চরিত্র ‘ফিরিয়ে দিয়েছিলেন’ অমিতাভ