প্রশিক্ষিত জনশক্তি রপ্তানিতেই আসবে সচ্ছলতা: প্রধানমন্ত্রী
“আমরা এমন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করব, যা দেশের জন্য প্রয়োজন।”
দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে এ বিষয়টি জরুরি।
জনশক্তিকে দক্ষ করতে প্রশিক্ষণের কথাও বলেছেন সরকারপ্রধান। নতুন নতুন দেশে বাংলাদেশি শ্রমিকদের পাঠাতে চান তিনি।
রোববার গণভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “যদি আমরা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের বড় সুযোগ রয়েছে।
“আমরা এমন ধরনের প্রশিক্ষণের (কর্মীদের জন্য) ব্যবস্থা করব, যা একটি দেশের প্রয়োজন।”
নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ খোঁজারও তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।
তিনি বলেছেন, “আমাদের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং নতুন দেশ (জনশক্তি পাঠানোর জন্য) খুঁজে বের করতে হবে।”
সরকার ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে হবে এবং সেজন্য আমরা কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।”
প্রবাসী শ্রমিকরা যেন ভালো থাকেন সেজন্য যা যা করা দরকার তা করার তাগিদ দেন শেখ হাসিনা। অর্জিত আয় বা রেমিটেন্স বৈধ পথে পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
