২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেল ‘স্থিতিশীল’ করের আওতায়

পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এই পদক্ষেপ, বলেছেন অর্থমন্ত্রী।

জ্বালানি তেল ‘স্থিতিশীল’ করের আওতায়

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 12:25 AM

Updated : 02 Jun 2023, 12:25 AM

আন্তর্জাতিক বাজারে দাম উঠানামা করতে থাকায় আমদানিনির্ভর জ্বালানি তেলের বিদ্যমান কর ব্যবস্থায় সংস্কার আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি ১৩টি পেট্রোলিয়াম পণ্যকে ‘স্পেসিফিক ডিউটি’ বা সুনির্দিষ্ট করের আওতায় আনার কথা জানান।

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট সংসদে প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, পেট্রোলিয়াম ও এর উপজাতগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত ওঠানামা করে বিধায় অর্থনীতির জন্য অতীব প্রয়োজনীয় পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এসংক্রান্ত ১৩টি পণ্যে ‘স্পেসিফিক ডিউটি’ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেট্রোলিয়াম অয়েল, বিটুমিনাস মিনারেলস ও ক্রুড থেকে পাওয়া তেলে প্রতি ব্যারেল আমদানিতে কর হবে ১১১৭ টাকা। আগে এক্ষেত্রে ৫ শতাংশ আমদানি কর, ১০ শতাংশ অগ্রিম কর এবং ১৫ শতাংশ ভ্যাট ছিল।

একই ভাবে মোটর স্পিরিট, স্পিরিট টাইপ জেট ফুয়েল, হোয়াইট স্পিরিট, ন্যাপথা, জেপি১ কেরোসিন টাইপ জেটফুয়েল, পেপি৪ কেরোসিন টাইপ জেটফুয়েল, অন্যান্য কেরোসিন টাইপ জেটফুয়েল, অন্যান্য কেরোসিন, লাইট ডিজেল অয়েল, হাই স্পিড ডিজেল অয়েল এর ওপর লিটারপ্রতি ১৩ টাকা ৭৫ পয়সা হারে স্থিতিশীল কর আরোপ করা হয়েছে।

ফার্নেস অয়েলের ক্ষেত্রে স্থিতিশীল কর আরোপ করা হয়েছে প্রতি টনে ৯ হাজার ১০৮ টাকা হারে।

এগুলোর উপর এতদিন ৫ শতাংশ আমদানি কর, ১০ শতাংশ অগ্রিম কর (এটি) এবং ১৫ শতাংশ ভ্যাট ছিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজেটে শুল্ক সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।

ভবিষ্যতে ভর্তুকি থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।