০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘ডিক্টেটর ট্রাম্প’ থেকে ‘আল-কায়দা’: এইসব শব্দ এড়িয়ে চলে অ্যাপল

ডনাল্ড ট্রাম্পের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে ব্যবহৃত কটূক্তিগুলো টাইপিংয়ের সুযোগ দেয় না অ্যাপল।

‘ডিক্টেটর ট্রাম্প’ থেকে ‘আল-কায়দা’: এইসব শব্দ এড়িয়ে চলে অ্যাপল

সম্প্রতি অ্যাপলের অপারেটিং সিস্টেমে এমন নথির সন্ধান মিলেছে, যেখানে গ্রে-লিস্টওয়ালা শব্দ ও বাক্যাংশ হিসাবের বিভিন্ন উপায় রয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 10:09 AM

Updated : 09 Nov 2026, 10:09 AM

আইওএস কিবোর্ডে অটোকমপ্লিট বা সোয়াইপ-টাইপিংয়ের ক্ষেত্রে ব্যবহারের অযোগ্য হিসেবে দশ হাজারেরও বেশি শব্দের অপ্রকাশিত এক বহুভাষিক তালিকা রয়েছে অ্যাপলের– সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছেন একজন গবেষক।

‘গ্রে লিস্ট’ নামের এ তালিকার মানে এই নয় যে, এসব শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ, আইফোন ব্যবহারকারীরা ইমেইল বা বার্তা লেখার সময় নিজেদের পছন্দমতো যে কোনো শব্দই টাইপ করতে পারেন।

তবে বেশিরভাগ ক্ষেত্রে এ তালিকার শব্দগুলো অটোকমপ্লিট বা সোয়াইপ-টাইপিংয়ের সময় স্বয়ংক্রিয় পরামর্শ বা সাজেশন হিসেবে আসবে না বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

শুক্রবার ডেরিক কফম্যান নামের ওই গবেষক বলেছেন, এর মাধ্যমে অ্যাপলের কৌশল স্পষ্ট হয়েছে যে, একদিকে কোটি কোটি আইফোন ব্যবহারকারী কী লিখতে চান তা অনুমানের চেষ্টা করা হয়। অন্যদিকে ডিভাইসে কোন আপত্তিকর বা রাজনৈতিক সংবেদনশীল শব্দ পরামর্শ হিসেবে দেওয়া ঠেকানো হয়।

Image

অ্যাপল কিবোর্ডে ‘ব্যাড গার্ল’ বা ‘ব্ল্যাক ম্যান’ টাইপ করা গেলেও ‘ব্যাড বয়’ বা ‘হোয়াইট ম্যান’-এর মতো কিছু বাক্য লেখা যায় না। ছবি: রয়টার্স

কফম্যানের ভাষ্য, বিষয়টি ব্যবহারকারীদের যোগাযোগের ধরনের ওপর অলক্ষ্যেই প্রভাব ফেলতে পারে।

“এটা সেন্সরশিপের খুব মৃদু একটি রূপ। তবে অ্যাপল যে বড় পরিসরে কাজ করে, সেখানে এমন সামান্য প্রভাবই বড় প্রতিক্রিয়া তৈরি করতে পারে।”

সম্প্রতি এই তালিকার সন্ধান পেয়েছেন কফম্যান ও সেগুলোর বিস্তারিত বিবরণ দিয়ে একটি ওয়েবসাইটও প্রকাশ করেছেন তিনি।

কফম্যান বলেছেন, চিহ্নিত শব্দ ও বাক্যাংশের বড় অংশই অশ্লীল, আপত্তিকর বা মাদক, যৌনতা ও সহিংসতার সঙ্গে সম্পর্কিত। তবে এর মধ্যে ‘ডিক্টেটর ট্রাম্প’ ও ‘স্লিপি জো’র মতো কিছু রাজনৈতিক সংবেদনশীল শব্দও রয়েছে।

এ তালিকার আকার, উপাদান বা নির্দিষ্ট কিছু রাজনৈতিক শব্দ অন্তর্ভুক্ত করার কারণ নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল।

কোম্পানিটি বলেছে, আইফোন ব্যবহারকারীদের সবসময় নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ টাইপিংয়ের সুযোগ রয়েছে ও তারা যে কোনো টেক্সট সাজেশন এড়িয়ে যেতে পারেন। তাদের কিবোর্ড এমনভাবে তৈরি, যাতে কোনো আপত্তিকর পরামর্শ দেওয়া হয় না।

কফম্যানের তথ্য অনুসারে, আইওএসের টেক্সট সুবিধা থেকে বাদ পড়া অন্যান্য বাক্যাংশের মধ্যে রয়েছে ‘রাইট উইংস কন্সপিরেসি’, ‘টিবেটান ইন্ডিপেনডেন্স’ ও ‘ইউনাইটেড আয়ারল্যান্ড’।

অন্যান্য ভাষার ক্ষেত্রেও আলাদা চিহ্নিত শব্দ বা বাক্যাংশ রয়েছে।

Image

কফম্যানের ভাষ্য, বিষয়টি ব্যবহারকারীদের যোগাযোগের ধরনের ওপর অলক্ষ্যেই প্রভাব ফেলতে পারে। ছবি: রয়টার্স

যেমন, হিন্দিতে কিবোর্ডটি ব্যবহারকারীদের ‘মোদি ব্র্যাগআর্ট’ ও ‘রাহুল ইজ পাপ্পু’র মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে ব্যবহৃত কটূক্তিগুলো সোয়াইপ-টাইপ করার সুযোগ দেয় না।

কফম্যান বলেছেন, ফরাসি ভাষীরা ‘ইমিগ্রেশন টু হাই’ ও ‘অকোপাইড টেরিটোরিজ’ বাক্যাংশটি সোয়াইপ-টাইপ করতে পারেন না।

“প্রতিটি প্রধান ভাষাতেই এর কোনো না কোনো সংস্করণ রয়েছে।”

অ্যাপল কেন ব্যবহারকারীদের অশ্লীল বার্তা বা উসকানিমূলক স্লোগান পাঠানো থেকে দূরে রাখতে চায় তা বোঝা গেলেও ফিচারটি প্রয়োগের ক্ষেত্রে কিছু অসঙ্গতি রয়েছে বলে জানান কফম্যান।

তিনি বলেছেন, ‘রিড স্মাট’ সোয়াইপ-টাইপ করা গেলেও ‘রিড ইয়োর স্মাট’ করা যায় না।

যেভাবে মিলল ‘গ্রে লিস্টের’ সন্ধান

কফম্যান বলেছেন, সেপ্টেম্বরে সোয়াইপ-টাইপিংয়ের সময় তিনি খেয়াল করেছেন, ‘ব্যাড গার্ল’ বা ‘ব্ল্যাক ম্যান’ টাইপ করা গেলেও ‘ব্যাড বয়’ বা ‘হোয়াইট ম্যান’-এর মতো কিছু বাক্য আঙুল আটকে যাচ্ছে।

বিষয়টি জানার কৌতুহল থেকে কফম্যান ওপেনএআইয়ের কোডেক্স ও অ্যানথ্রপিকের ক্লড কোডের মতো এআই মডেলের সমন্বয়ে এর কারণ খোঁজার চেষ্টা করেন।

শেষ পর্যন্ত অ্যাপলের অপারেটিং সিস্টেমের গভীরে সংরক্ষিত এক নথির সন্ধান পান তিনি। তার ভাষ্য, গ্রে-লিস্টওয়ালা শব্দ ও বাক্যাংশ গণনা করার বিভিন্ন উপায় রয়েছে। তবে চীনা শব্দ বাদ দিয়ে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ১ লাখ।

কফম্যানের চিহ্নিত করা শব্দ ও বাক্যাংশের একটি ছোট অংশ আইফোনে পরীক্ষা করে দেখেছে রয়টার্স। দেখা গেছে, বাক্যাংশগুলো সোয়াইপ-টাইপিংয়ের মাধ্যমে টাইপ করা বেশ কঠিন ও এগুলো অটোকমপ্লিটে পরামর্শ হিসেবেও আসে না।

যেমন, ‘ইউনাইটেড আয়ারল্যান্ড’ বা ‘টিবেটান ইন্ডিপেনডেন্স’ সোয়াইপ-টাইপ করার চেষ্টা করলে তা প্রায়শই ‘ইউনাইটেড আইসল্যান্ড’ বা ‘টিবেটান ইন্ডিপেনডেন্সেস’ হিসেবে চলে আসে।

একইভাবে ‘হোয়াইট ম্যান’ টাইপ করতে গেলে ‘হোয়াইট মিন’ দেখালেও ‘রেড ম্যান’ বা ‘ব্লু ম্যান’ সহজে টাইপ করা যায়। এদিকে, ‘স্লিপি জো’ টাইপ করলে তা হয়ে যায় ‘স্লিপি হোপ’।

‘ডিক্টেটর ট্রাম্প’ সোয়াইপ-টাইপ করা গেলেও ‘ট্রাম্প’ শব্দটি ছোট হাতের অক্ষরে পরিবর্তিত হয় ও অটোকমপ্লিটে তা পরামর্শ হিসেবে আসে না। কিবোর্ডটি উল্টো ‘ডিক্টেটর ট্রাম্পস’ পরামর্শ হিসেবে দেয়।

‘রিড গে স্মাট’ সোয়াইপ-টাইপ করলে আসে ‘রিড গে স্মিট’ অথচ ‘রিড স্মিট’ লিখতে গেলে কোনো সমস্যা হয় না।

সাইবার নিরাপত্তা সংগঠন ‘টলমো’র প্রকৌশলী ম্যাট সুচে বলেছেন, তিনি অ্যাপলের গোপন ‘গ্রে লিস্ট’টি উদ্ধার করেছেন ও কফম্যানের গবেষণার সঙ্গে অ্যাপলের অভ্যন্তরীণ ডেটা মিলিয়ে দেখেছেন।

এতে দুই তথ্যের প্রায় শতভাগ মিল পাওয়া গেছে।

সুচে বলেছেন, অ্যাপলের তালিকাটি বছরের পর বছর ধরে দৃষ্টিসীমার আড়ালেই ছিল। বার্তা পাঠানোর অ্যাপগুলোতে মানুষের যোগাযোগ কীভাবে বছরের পর বছর ধরে অলক্ষ্যে প্রভাবিত ও ফিল্টার করা হয়েছে তা বুঝতে এটা কার্যকর বিষয়।

স্বচ্ছতার জোর দাবি

আইওএসের টেক্সট ফিচারের এই প্রভাব কেবল কফম্যানেরই নজরে আসেনি। বছরের পর বছর ধরে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও প্রশ্ন তুলেছেন কেন তারা কিছু সুনির্দিষ্ট বাক্যাংশ সোয়াইপ-টাইপ করতে পারছেন না।

এ সপ্তাহের শুরুতে নরওয়ের একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর স্বাধীনভাবে অ্যাপলের এই গ্রে লিস্টের অংশের সন্ধান পান, যার মধ্যে ‘আল-কায়দা’, ‘আউশ-ভিট্স্’ ও ‘হুটার্জ’-এর মতো শব্দ অন্তর্ভুক্ত ছিল।

তবে সংবেদনশীল বাক্যাংশের এমন সুবিশাল তালিকার অস্তিত্ব এবারই প্রথম সামনে এল। প্রযুক্তির কারণে বিভ্রান্তিকর বা বিতর্কিত পরামর্শ দেওয়ার ফলে অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানি এর আগেও বিপাকে পড়েছে।

অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের অটোকমপ্লিট ফিচারের পরামর্শ দেওয়া শব্দাবলি নিয়ে প্রায়শই সমালোচনা ও আইনি জটিলতা তৈরি হয়েছে।

গেল বছর আইফোনে ‘রেসিস্ট’ শব্দটি ভয়েস ডিক্টেশন দিলে স্ক্রিনে মুহূর্তের জন্য ‘ট্রাম্প’ শব্দটি ভেসে ওঠে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন। পরে অবশ্য অ্যাপল বিষয়টি ভুলবশত ঘটেছে জানিয়ে তা সংশোধন করেছে।

নাগরিকদের জন্য ডিজিটাল অধিকার বিষয়ক সংগঠন ‘ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন’-এর জ্যেষ্ঠ আইনি পরামর্শক ডেভিড গ্রিন বলেছেন, অ্যাপলের শব্দ তালিকার বিচারবুদ্ধি নিয়ে সন্দেহ রয়েছে ও বিষয়টি কিছুটা ‘অস্বস্তিকর’।

তবে অহেতুক বা উসকানিমূলক পরামর্শ ঠেকাতে এটা কার্যকর উপায় হতে পারে বলে মনে করেন তিনি।

“তবে তারা যদি এটা করতেই চায় তবে ব্যবহারকারীদের এ বিষয়ে স্পষ্টভাবে জানানো উচিত এবং তাদের কাস্টমাইজ বা পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত। বিষয়টি গোপন রাখা ঠিক নয়।”