রেমিটেন্সে ধাক্কা কাটল, অক্টোবরে এল ৪ মাসে সর্বোচ্চ
সদ্য সমাপ্ত মাসে প্রবাসীরা যে আয় দেশে পাঠিয়েছেন তা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।
বৈধ পথে প্রবাসীদের পাঠানো আয়ে উল্লম্ফন হয়েছে সদ্য সমাপ্ত অক্টোবরে; মোট রেমিটেন্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে ৩০ শতাংশ বেশি।
বুধবার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের সবশেষ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, গত মাসে প্রবাসীদের পাঠানো আয় এর আগের চার মাসের মধ্যে সর্বোচ্চ।
প্রবাসীরা এবার গত বছরের অক্টোবরের চেয়ে ৪৫ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ৩০ শতাংশ বেশি অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন। ২০২২ সালের অক্টোবরে রেমিটেন্স এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।
এর আগে গত সেপ্টেম্বরে রেমিটেন্স আসে ১৩৪ কোটি ৩৪ লাখ ডলার, অগাস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ এবং জুলাইয়ে এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ডলার।
ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে গত ২২ অক্টোবর সরকারের দেওয়া বিদ্যমান আড়াই শতাংশের সঙ্গে নিজ তহবিল থেকে আরও আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সুযোগ দেওয়া হয় বাণিজ্যিক ব্যাংককে।
অক্টোবরের শেষ দিকে রেমিটেন্স প্রবাহ বাড়াতে তা ভূমিকা রেখে থাকতে বলে অনেকের ধারণা। এতে নিম্নমুখী ধারা থেকে অক্টোবরে ইতিবাচক ধারায় ফিরল রেমিটেন্সের প্রবাহ।
আগের দুই মাসে রেমিটেন্স প্রবাহর প্রবৃদ্ধি ছিল নেতিবাচক ধারায়। এ কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়াতে টাকার বিনিময় হার কমানো হচ্ছে। পাশাপাশি রেমিটেন্সের বিপরীতে প্রণোদনা বাড়ানো হচ্ছে।
সবশেষ বুধবার ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারের দর আরও ৫০ পয়সা বাড়িয়েছে। তবে শর্ত হল, যে দরেই রেমিটেন্স আনা হোক না কেন, ১১১ টাকার বেশি দরে বিক্রি করতে পারবে না কোনো ব্যাংক।
একই সঙ্গে সংগঠন দুটি প্রবাসী আয় দেশে আনতে রেমিটেন্সের বিপরীতে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া প্রণোদনার কোনো ঊর্ধ্বসীমা না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
