Published : 17 Jul 2023, 09:22 PM
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনে এবার অতিথি হিসেবে অংশ নিয়ে ভবিষ্যতে এ জোটের সদস্য হওয়ার আশা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে সোমবার শুরু হওয়া দু দিনের এ সম্মেলনে ‘অতিথি দেশের’ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি দল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারও আছেন এ দলে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অর্থমন্ত্রী বলেছেন, আশা করা যায়, অচিরেই বাংলাদেশ জি-২০ জোটে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে।”
অর্থমন্ত্রী বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির তথ্য তুলে ধরে বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে আমাদের জিডিপি ছিল মাত্র ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। আমাদের জিডিপি এখন ৪৬০ বিলিয়ন ডলার।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রাসারী ও দৃঢ় নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ, ২০৩৬ সালের মধ্যে বাংলাদেশ ২৪তম অর্থনীতির দেশে পরিণত হবে।”
২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট উন্নত দেশে’ পরিণত হতে বাংলাদেশের লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি।
মুস্তফা কামাল বলেন, “এবারের জি-২০ সামিটের স্লোগান করা হয়েছে, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’। বিশ্বব্যাপী যে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে, এ বিষয়ে আমাদেরকে অধিকতর সচেতন হতে হবে। এই সঙ্কট নিরসনে অবশ্যই আমাদের সকলকে আন্তরিক হয়ে সমাধান করতে হবে।”
এবার সম্মেলনের আয়োজক দেশ ভারত এবার সদস্য দেশগুলোর বাইরেও বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এসব দেশের প্রতিনিধি জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।
অর্থমন্ত্রী বলেন, “প্রতিবেশী বন্ধু দেশের কাছ থেকে পাওয়া এ আমন্ত্রণ অবশ্যই আমাদের জন্য অনেক সম্মানের। জি-২০ প্রক্রিয়ায় অংশ নেওয়া বাংলাদেশের জন্য বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হওয়ার এক অনন্য সুযোগ।”
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনেও ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অংশ নেবে বাংলাদেশ।
রাষ্ট্র ও সরকারপ্রধানদের সেই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।