ঋণ চুক্তির অগ্রগতি: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল
প্রতি কিস্তির অর্থ ছাড়ের আগে আর্থিক ও অন্যান্য খাতের সংস্কার কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখবে সংস্থাটি।
ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে সমঝোতা অনুযায়ী আর্থিক খাতের সংস্কারের অগ্রগতির বিষয়ে জানতে ঢাকায় এসে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল।
রোববার চার সদস্যের কারিগরি প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন। এসময় ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবারও মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিনিধি দলটির বৈঠকের সূচি রয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। রোববার কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি জানাতে পারেননি।
দীর্ঘ আলোচনার পর বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক অর্থায়নকারী এ সংস্থা। জানুয়ারিতে প্রথম কিস্তির অর্থ ছাড় করেছে এবং অক্টোবরে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের কথা রয়েছে।
তবে সমঝোতা চুক্তি অনুযায়ী প্রতি কিস্তির অর্থ ছাড়ের আগে আর্থিক ও অন্যান্য খাতের সংস্কার কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখবে আইএমএফ।
এরই অংশ হিসেবে গত ৬ অগাস্ট কারিগরি এ প্রতিনিধি দল পাঠিয়েছে সংস্থাটি। এদের প্রতিবেদনের ভিত্তিতে আগামী সেপ্টেম্বরে আরেকটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা রয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূচি অনুযায়ী, রিজার্ভের নিট হিসাবায়ন, ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
এরপর আগামী ১৬ অগাস্ট আবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবং পরদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সঙ্গে বৈঠক করবে দলটি। ২২ অগাস্ট আবার গভর্নরের সঙ্গে বসবে।
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ ও নানা কারণে বৈদেশিক মুদ্রার চাপের মুখে পড়ে অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলারের এ ঋণ নিচ্ছে বাংলাদেশ।
এজন্য ঋণ চুক্তিতে আসার আগে ও পরে আর্থিক খাতের বেশ কিছু সংস্কারও করে বাংলাদেশ। সুদহার ৯ শতাংশ থেকে তুলে দিয়ে ‘স্মার্ট’ সুদহার করিডোর চালু, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারমুখী করতে বাফেদা ও এবিবির হাতে ছেড়ে দেয়া, মুদ্রানীতি বছরে দুইবার করা ও বিপিএম৬ পদ্ধতিতি অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করার মতো সংস্কার কার্যক্রম করেছে বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে ভর্তুকি কমাতে জ্বালানি পণ্যের দাম বাড়িয়েছে সরকার। এসব সংস্কারের প্রভাব অর্থনীতিতে কেমন পড়ে ও তা সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ জানতে চেয়েছিল আইএমএফ।
একইসঙ্গে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ তিন মাসের আমদানি দায় মেটানোর সক্ষমতায় রাখার পরামর্শ ছিল সংস্থাটির। গত জুন শেষে আইএমএফ প্রদত্ত সীমার চেয়ে সামান্য নিচে ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ৯ অগাস্ট শেষে বিপিএম৬ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার।
