২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে ১৪ লাখ মেট্রিক টন চিনি লাগে বাংলাদেশে

বাংলাদেশে নিত্য পণ্যের অন্যতম চিনির চাহিদা বছরে ১৪ লাখ মেট্রিক টন, যার ৯২ শতাংশই আমদানি করতে হয়।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানানোর পাশাপাশি অতিরিক্ত চিনি আমদানি নিয়ন্ত্রণের কথাও বলেছেন।  

মন্ত্রী বলেন, বাংলাদেশে চিনির বার্ষিক চাহিদা ১৪ লাখ মেট্রিক টন। এর সাত থেকে আট শতাংশ দেশের ১৫টি চিনিকল উৎপাদন করে। ফলে চাহিদা মেটাতে চিনি আমদানি করতে হয়।

দেশি চিনির রঙ নিয়ে প্রশ্ন তুলে তা নেয়ার ক্ষেত্রে ডিলাররা অনাগ্রহ দেখানোয় উৎপাদিত চিনি নিয়ে সরকারকে সমস্যায়ও পড়ে হয়।  

শিল্পমন্ত্রী বলেন, স্থানীয় শিল্পের স্বার্থ ও বৈদেশিক মুদ্রার মজুদ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চাহিদার অতিরিক্ত চিনি আমদানি বন্ধ করা যেতে পারে।

বৃহস্পতিবারের অধিবেশনে এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, ভারতের আইনে বাংলাদেশি টিভি চ্যানেলের ডাউনলিংকের কোনো বাধা নেই। বাধা হচ্ছে ডাউনলিংকের উচ্চ ফি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডাউলিংকের ফি কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের ফলে বাংলাদেশের টেলিভিশনগুলোর দর্শক ভারতীয় চ্যানেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন অভিযোগ তুলে একজন সাংসদ এর সমাধানে পদক্ষেপ জানতে চান।

তথ্যমন্ত্রীর পক্ষে সংসদে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বিজ্ঞাপন প্রচারের ফলে দর্শকদের বিচ্যুতি ঘটে এটা ঠিক। তবে বেসরকারি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের নীতিমালা নেই। আগামীতে এ বিষয়ে নির্দেশনা দেয়া যেতে পারে।

সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে না বলেও আশ্বস্ত করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সম্প্রচার নীতিমালা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমেই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে পারব। এটি তো নীতিমালা, আইন নয়।

সংসদে আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, দেশে নারী আয়করদাতার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৯২৪ জন।

পুরনো খবর:

সেতাবগঞ্জ চিনিকল বাঁচবে কীভাবে
জয়পুরহাট চিনি কলে আখ চাষিদের বিক্ষোভ