২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতাবগঞ্জ চিনিকল বাঁচবে কীভাবে

বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল দিনকে দিন আর্থিক সংকটে ডুবে যাচ্ছে। অবিক্রিত থাকছে কোটি কোটি টাকা মূল্যের হাজার হাজার মেট্রিক টন চিনি।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 10:31 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

মিল কর্তৃপক্ষ জানায়, মিলরেটের চেয়ে বাজারে চিনির দাম কম হওয়ায় সেতাবগঞ্জ চিনিকলের (সেচিক) ডিলাররা চিনি উত্তোলন করছে না। ফলে সেচিকে ১০ হাজার মেট্রিক টনের বেশি চিনি অবিক্রিত পড়ে আছে, যার আর্থিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা।

বিপুল পরিমাণ চিনি অবিক্রিত থাকায় চিনিকলটি চরম আর্থিক সংকটে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এছাড়া আখ সরবরাহকারী কৃষক এবং মিলে বিভিন্ন সময়ে নানা মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা টাকা পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ।

সেচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মজুদ চিনি টিসিবির কাছে বিক্রি করতে পারলে মিলটি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারত। মিল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোও হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোলা বাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ৫০ টাকা থেকে কমিয়ে প্রতি কেজি চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। অথচ খোলা বাজারে এর চেয়ে কম দামে ব্যবসায়ীরা দোকানে চিনি পৌঁছে দেয়। এই কারণে ডিলাররা মিলের চিনি উত্তোলন করছে না।

এই কর্মকর্তা আরো জানান, চিনি বিক্রি না হলেও উৎপাদন অব্যাহত রাখতে হচ্ছে। কৃষককে আখ চাষের জন্য মিল থেকে ঋণ দেয়া হয়। সেচিকের আওতায় ৩ হাজার ৮৯৫ একর জমিতে প্রায় তিন হাজার কৃষক আখ চাষে সম্পৃক্ত। সে কারণে চিনি উৎপাদন বন্ধ রাখাও সম্ভব হচ্ছে না। 

টিসিবির কাছে চিনি বিক্রি করা হলে এ চিনিকলের সমস্যার বিছুটা লাঘব হবে বলে স্বীকার করেন সেচিক জি এম (কমার্শিয়াল) আতাউর রহমাণ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  চিনির মূল্য নির্ধারণ এবং বিক্রির বিষয়টা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়।

এ কারণে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।