২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট চিনি কলে আখ চাষিদের বিক্ষোভ

বকেয়া পাওনার দাবিতে জয়পুরহাট চিনিকল চত্বরে বিক্ষোভ করেছেন আখ চাষিরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার দুপুরে এ কর্মসূচি শেষে শহরে চিনিকলের মূল ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

চিনিকল কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ না করলে রোপন করা আখের চারা উপড়ে ফেলা এবং অনশনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরত কৃষকরা।

কৃষকরা জানান, জয়পুরহাট চিনিকলের আওতায় সর্বশেষ আখ মাড়াই মৌসুমে প্রায় সাড়ে ১৪ হাজার চাষি আখ চাষ করেছিলেন প্রায় সাড়ে ১০ হাজার একর জমিতে।

কিন্তু এখন পর্যন্ত আখ বিক্রির অর্ধেক টাকাও পাননি বলে অভিযোগ করেন ক্ষুব্ধ চাষিরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশি ইগলু, ফ্রেশ, তীরসহ পাঁচটি বেসরকারি রিফাইনারি চিনিকল বিদেশি তরল চিনি আমদানি করে চিনি উৎপাদন করছে। ফলে কেবল জয়পুরহাট চিনিকলের গুদামে মজুদ রয়েছে প্রায় ৬০ কোটি টাকার ১৫ হাজার মেট্রিক টন অবিক্রিত চিনি।

এই বিপুল পরিমাণ চিনি বিক্রি না হওয়ায় আখ চাষিদের বকেয়া পাওনা পরিশোধ করতে পারছেন না চিনিকল কর্তৃপক্ষ।

তাই আমদানি বন্ধ করে দেশি উন্নতমানের এই বিপুল পরিমাণ চিনি বিক্রি করে চাষিদের বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানান তারা।

এদিকে, ক্ষুব্ধ চাষিদের সঙ্গে কোনো সমঝোতা হবে কিনা জানতে চাইলে এ বিষয়ে সরাসরি কথা বলেননি চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম।

তিনি বর্তমানে রাজধানীতে অবস্থান করছেন।

গেল মৌসুমে চাষিদের সাড়ে ১২ কোটি টাকা পাওনা রয়েছে জানিয়ে আবদুস সালাম ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও মিলে তিন বছরের প্রায় ১৫ হাজার মেট্রিক টন চিনি অবিক্রিত অছে, যার মূল্য প্রায় ৬০ কোটি টাকা। বিদেশ থেকে চিনি আসায় এগুলো বিক্রি করাও সম্ভব হচ্ছে না। চাষিদের দাবি মেটাতে এখন ঋণ করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের।”

চাষিদের বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক হারুনুর রশিদ, আখ চাষি গোলাম মাহমুদ, প্রভাষ মহন্ত, ইউসুফ আলী মুকুলসহ অনেকে।