বেসিক ব্যাংকের আরো এক কর্মকর্তা বরখাস্ত
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের উপ মহাব্যবস্থাপক এবং গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা এস এম ওয়ালিউল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বুধবার বিকালে তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে নিয়ম-নীতির বাইরে কাজ করার অভিযোগ রয়েছে। বিশেষ করে কিছু জায়গায় সে ব্যাংকিং রুলস অ্যান্ড নর্মস ভায়োলেট করেছে। এজন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
“সাময়িক বরখাস্ত কোন শাস্তি নয়,” যোগ করেন তিনি।
এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেসিক ব্যাংকের গুলশান শাখায় প্রায় দেড় হাজার কোটি টাকার ঋণ অনিয়ম ধরা পড়ে।
এই শাখারই আরো প্রায় এক হাজার কোটি টাকার ঋণ অনিয়মের তদন্ত চলছে। এছাড়া এই শাখা বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই শাখাটি অথবা শাখাটির ঋণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে এক অনুষ্ঠানে মন্তব্য করেন।
এরপর বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার ঋণ বিতরণ বন্ধ করে দেয়া হয়।
গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির ঋণ বিতরণ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মসহ বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে নানা পত্র-পত্রিকায় ও গণমাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাংকটির গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম ধরা পড়েছে।
এছাড়া নিয়ম বহির্ভুত নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে ব্যাংকের বিভিন্ন পর্যায়ে। এই প্রেক্ষিতে ব্যাংকটির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক গত বছর সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরপর তাদের পরিচালনা পর্ষদে একজন পর্যবেক্ষককে নিয়োগ দেয়া হয়।
গত মে মাসে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার জন্য অর্থমন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।
