২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিতে বরাদ্দ বাড়লেও ভর্তুকি কমছে

নির্বাচনের বছরে কৃষি খাতে বরাদ্দ প্রায় তিন হাজার কোটি টাকা বাড়েলেও ভর্তুকি ৫ শতাংশ কমছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

Image
নাটোরের গুরুদাসপুরের চলনবিল থেকে বোরো ধান কেটে বাড়ি ফিরছে কৃষক।

নাটোরের গুরুদাসপুরের চলনবিল থেকে বোরো ধান কেটে বাড়ি ফিরছে কৃষক।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সংসদে ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন তাতে মোট ১৭ হাজার ৪৭৭ কোটি ৯৫ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ৭.৯ শতাংশ। 

গত বছর এই খাতে ১৪ হাজার ৪৬৭ টাকা বরাদ্দ করা হয়। এই হিসাবে এবার বরাদ্দ বেড়েছে প্রায় ২১ শতাংশ।

অবশ্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে বরাদ্দের পরিমাণ ১৯হাজার ৮৫০ কোটি টাকায় দাঁড়ায়।  

নতুন অর্থবছরে কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।  

চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে ভর্তুকি ছিল ৯ হাজার ৫০০ কোটি টাকা, সংশোধিত বাজেটে যা বেড়ে ১২ হাজার কোটি টাকায় উন্নীত হয়।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, গত চারটি বাজেটের মতো এবারের বাজেটেও কৃষি এবং পল্লী উন্নয়নকে একটি সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে নিয়ে এ খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের  প্রথম তিন বছরে কৃষি খাতে প্রবৃদ্ধি গড়ে ৪ দশমিক ৭ শতাংশ থাকলেও চলতি অর্থবছরে তা  কমে গড়ে ৩ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।

২০১২-১৩ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা, যার মধ্যে ১০ হাজার ২০৬ কোটি টাকা বিতরণ করা হয়েছ। বিতরণের এই পরিমাণ লক্ষ্যমাত্রার ৭২ দশমিক ২ শতাংশ।

আসন্ন ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে কৃষিজমির পরিমাণ এক কোটি ৯০ লাখ একরের মতো। আর প্রায় তিন কোটি মানুষ সরাসরি কৃষিকাজে নিয়োজিত, যা মোট জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি।

পুরনো খবর:

‘প্রবৃদ্ধির জন্য কৃষিতেও নজর চাই’