২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়মাসে রপ্তানি আয় ২০ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে প্রায় দুই হাজার কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

২০১২-১৩ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট একহাজার ৯৭০ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ১৬ শতাংশ বেশি।

এর মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে তৈরি পোশাক রপ্তানি থেকে।

আর মাসের হিসেব গত মার্চের তুলনায় এবার রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২০ শতাংশ।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

ইপিবির তথ্যে দেখা যায়, অর্থবছরের প্রথম নয়মাসে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৮১০ কোটি ডলার আর নিট পোশাক রপ্তানি থেকে এসেছে ৭৫৮ কোটি ৬৭ লাখ ডলার।

জুলাই-মার্চ সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ১৮ কোটি ৮০ লাখ ডলার। সে হিসেবে এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৪ শতাংশ কম আয় হয়েছে।

এই সময়ের মোট রপ্তানি আয় এক হাজার ৯৭০ কোটি ৩৯ লাখ ডলারের বিপরীতে গত অর্থবছরে আয় হয়েছিল এক হাজার ৭৮৮ কোটি ৬০ লাখ ডলার।

এসময়ে উভেন পোশাক রপ্তানি হয়েছে ৮১০ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। সেসময় আয় হয়েছিল ৭১০ কোটি ৮৬ লাখ ডলার।

জুলাই-মার্চ সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭৫৮ কোটি ৬৮ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৪ শতাংশ বেশি। সেসময় আয় হয়েছিল ৬৯৯ কোটি ৬২ লাখ ডলার।

এবছর মার্চ মাসে ২৩০ কোটি ডলারে রপ্তানি আয় দেশে এসেছে। গত বছরের একই সময়ে আয় ছিল ১৯৮ কোটি ২২ লাখ ডলার।

রপ্তানিতে আয়ের অন্য খাতগুলোর মধ্যে- এই অর্থবছরের নয়মাসে গত অ্থবছরের একই সময়ের তুলনায় চামড়া রপ্তানিতে ১৫ শতাংশ, পাট ও পাটজাত পণ্যে ৭ দশমিক ৭২ শতাংশ, কৃষিজাত পণ্যে ৩১ শতাংশ এবং ফুটওয়্যার রপ্তানিতে ২০ শতাংশ আয় বেড়েছে।

অন্যদিকে একই সময়ে হিমায়িত মাছ রপ্তানিতে ১৬ শতাংশ, চা রপ্তানিতে ৩২ শতাংশ এবং রাবার রপ্তানিতে ১০ দশমিক ৫৭ শতাংশ আয় কমেছে।

২০১১-১২ অর্থবছরে দুই হাজার ৪৩০ কোটি (২৪ দশমিক ৩০ বিলিয়ন)  ডলারের রপ্তানি আয় দেশে আসে। তখন লক্ষ্যমাত্রা ধরা ছিল ২৮ বিলিয়ন ডলার।