২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর বছরে ২.৫% প্রবৃদ্ধির পূর্বাভাস সিপিডির

করোনাভাইরাসের মহামারীর ধাক্কায় চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ২ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 10:49 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

আসন্ন নতুন অর্থবছরের বাজেটে দারিদ্র্য, অসমতা ও কর্মসংস্থানের ওপর মহামারীর প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সরকারের নীতিনির্ধারকদের প্রতি তাগিদ দিয়েছে বেসরকারি এ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি।  

আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তার আগে রোববার ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকনোমি ইন ২০১৯-২০ অ্যান্ড বাজেট চ্যালেঞ্জেস’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিপিডির বাজেট ভাবনা তুলে ধরা হয়।

মূল প্রবন্ধে সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, কোভিড-১৯ এর প্রভাব অর্থনীতির বড় পাঁচটি খাতে পড়েছে। শিল্প উৎপাদন, নির্মাণ খাত প্রত্যক্ষভাবে সমস্যায় পড়েছে। এছাড়া হোটেল-রেস্তোরাঁ দীর্ঘ সময় বন্ধ ছিল, লকডাউনের কারণে গণ পরিবহণ চলতে পারেনি।  

“অর্থবছরের বাকি সময়ে যদি খুবই ভালও যায়, আমরা দেখেছি যে জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের বেশি হবে না।”

গত অর্থবছরে বাংলাদেশে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এই অর্থবছরে তা ৮ দশমিক ২ শতাংশে নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।

কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে দুই মাসের বেশি সময় চলা লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। 

যার প্রভাবে এবার বাংলাদেশ ৩.৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আইএমএফ। আর বিশ্ব ব্যাংকের পূর্বাভাসে বলছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার এ বছর ২-৩ শতাংশের মধ্যে।

সিপিডির তৌফিকুল ইসলাম বলেন, তাদের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ যদি ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধিও পায়, বর্তমান পরিস্থিতিতে তাকে ‘খুব খারাপ’ বলা যাবে না, কারণ অনেক দেশই নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে গেছে।

প্রবৃদ্ধির হার কেন ২ দশমিক ৫ শতাংশের বেশি হবে না- সেই ধারণার ব্যাখ্যা করতে গিয়ে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “চলতি অর্থবছরের পুরো কার্যক্রমকে ১০০ ধরে হিসাব করে যদি চারভাগ করা হয়, তাহলে প্রথম তিন ভাগে ৭৫ শতাংশ কাজ হয়েছে। সেখানে ৮ শতাংশ প্রবৃদ্ধি ধরা হলে ৮২ শতাংশ কাজ হয়েছে বলে ধরতে হয়।

“চতুর্থ প্রান্তিকে মহামারীর সময়ে যদি ৮০ শতাংশও কাজ হয়ে থাকে, তাহলে আরও ২০ শতাংশ কাজ হবে। তাহলে পুরো বছরে মোট কাজ হয় ১০২ শতাংশ। অর্থাৎ ২ শতাংশ প্রবৃদ্ধি। সুতরাং আমাদের হিসাবটা সাধারণ পর্যবেক্ষণের সাথে মিলে যায়।”

তৌফিকুল ইসলাম খান বেলন, চলমান পরিস্থিতে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকবিলা করতে হবে। সেজন্য ডলারের বিপরীতে টাকার মান কিছুটা কমনোর পরামর্শ দেন তিনি।

“আমরা মনে করি, এটা করা হলে একদিকে যেমন রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহ এক ধরনের প্রণোদনা পাবে, এটা করার জন্য যে অতিরিক্ত অর্থ বাজারে ছাড়তে হবে, তা সার্বিকভাবে আমাদের সম্প্রসারণমূলক মুদ্রানীতিরও সমন্বয় করবে।”

মহামারীর এই সময়ে স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ খাতের বরাদ্দ আগামী অর্থবছর জিডিপির ২ শতাংশ করার পরামর্শ দেওয়া হয় সিপিডির সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত বন্ধ থাকায় দেশে দারিদ্রের হার বেড়ে ৩৫ শতাংশের মত হতে পারে, অর্থাৎ এদিক দিয়ে বাংলাদেশ ২০১৬ সালের পার্যায়ে চলে গেছে।  

একইসঙ্গে আয় এবং ভোগ বৈষম্যও বেড়েছে মন্তব্য করে বাজেটে প্রান্তিক মানুষের জন্য আরও বেশি অর্থ বরাদ্দের পরামর্শ দেন সিপিডির রিসার্চ ফেলো।

তিনি বলেন, মহামারী শুরুর আগে তাদের ধারণা ছিল, চলতি অর্থবছরে লক্ষ্যের তুলনায় রাজস্ব আদায় ১ লাখ কোটি টাকা কম হতে পারে। কিন্তু মহামারীর ধাক্কার পর আদায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা কম হতে পারে বলে তারা মনে করছেন।

সিপিডির সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরে করমুক্ত আয় সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়।

তবে বরাবরের মতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করে তৌফিকুল ইসলাম বলেন, “শেয়ার বাজারসহ কয়েকটি খাতে টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয় তা আসলে কোনো কাজে আসে না। বরং নৈতিকতার প্রশ্নে আপস করা হয়।”

অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ না দিয়ে বরং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।

পাশাপাশি আগামী অর্থবছরে কর আদায় বাড়ানোর জন্য ভ্যাট আইনের বাস্তবায়ন এবং জরুরি ভিত্তিতে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পস মেশিন বসানোর পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে।

আর বাজেটে সম্পদ যোগানোর ক্ষেত্রে এবার বৈদেশিক সম্পদ আহরণের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়ে তৌফিকুল ইসলাম বলেন, “এবারের বাজেট ঘাটতি ৮ শতাংশ হলেও সমস্যা হবে বলে আমরা মনে করি না।”

অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আগামী বাজেটে প্রাধিকার ভিত্তিতে পাঁচটি খাতে জোর দিতে হবে। স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান।

সংস্কার কর্মসূচিতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “প্রতিবছর আমরা কোনো ধরণের সংস্কার কর্মসূচি ছাড়াই বাজেটের আকার ও রাজস্ব আদায়ের টার্গেট বাড়াতে থাকি। যদিও শেষ পর্যন্ত আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি না। এবার সংস্কার কর্মসূচি দ্রুত হাতে নিতে হবে।”

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে ধরনের প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর যে সংস্কার দরকার- তা না করার কারণেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় না বলে মনে করেন ফাহমিদা।

তিনি বলেন, “আমাদের প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে এমনকি স্বাস্থ্য খাতের প্রকল্পও বাস্তবায়ন করতে পারছি না। মূলত এই অদক্ষতার কারণেই স্বাস্থ্য খাতে বরাদ্দও বাড়ানো যাচ্ছে না।”