২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত না হলে বড় ঝুঁকি: আইএলও

কর্মক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলছে, শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত না করলে দ্বিতীয় দফায় বড় ধরনের সংক্রমণ ঘটতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 08:29 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

অর্থনৈতিক ক্ষতি সামলাতে বিশ্বের বিভিন্ন দেশে কারখানা চালু করতে সরকারগুলোর তোড়জোড়ের মধ্যে মঙ্গলবার এক বিবৃতিতে এই সতর্কবাণী দিয়েছে জেনিভাভিত্তিক সংস্থাটি।

এক মাস লকডাউনের পর বাংলাদেশেও বেশ কিছু তৈরি পোশাক কারখানা গত রোববার চালু হয়েঝে, যা নিয়ে উদ্বেগ রয়েছে।

আইএলওর বিবৃতিতে শ্রমিক ও মালিকদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় ঠিক করার পরামর্শ দেওয়া হয়।

সংস্থাটি বলেছে, করোনাভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি কমাতে সব শ্রমিকের জন্য ঝুঁকি মূল্যায়ন এবং তাদের কর্মক্ষেত্রে কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত হওয়া প্রয়োজন।

“এ ধরনের নিয়ন্ত্রণ না করতে পারলে দেশগুলো পুনরায় বড় আকারে ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকির মধ্যে পড়বে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই দ্বিতীয়বার ভাইরাসের ধাক্কার ঝুঁকি কমানো যেতে পারে।”

আইএলও মহাপরিচালক গাই রাইডার বলেন, “পুরো কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য বর্তমানে প্রধান কাজ। সংক্রামক রোগের ছড়িয়ে পড়ার এই সময়ে আমরা আমাদের শ্রমিকদের কীভাবে রক্ষা করছি, তার উপর আমাদের কমিউনিটি কেমন থাকবে এবং মহামারি এগিয়ে চলার মধ্যে আমাদের ব্যবসায় কীভাবে টিকে থাকবে নির্ভর করছে।”

Image
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে 'জীবাণুনাশক টানেল'র মধ্য দিয়ে কারখানায় ঢুকছে শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে 'জীবাণুনাশক টানেল'র মধ্য দিয়ে কারখানায় ঢুকছে শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

কর্মক্ষেত্রে নিরাপদ প্রত্যাবর্তন ও পরবর্তীতে কাজের ধাক্কা সামলাতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সুপারিশও করেছে আইএলও।

>> কাজের ঝুঁকি নির্ধারণ করা এবং কর্মক্ষেত্র চালুর পরও সেটা অব্যাহত রাখা

>> ঝুঁকি হ্রাসে পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে শারীরিক যোগাযোগ কমিয়ে আনা, কর্মক্ষেত্রে ভেন্টিলেশন উন্নত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি হাত ধোয়া কিংবা পরিষ্কারের ব্যবস্থা রাখা।

>> যেখানে প্রয়োজন কর্মীদের বিনামূল্যে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) প্রদান করা।

>> সন্দেহভাজন আক্রান্তকে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা।

>> প্রত্যেক কর্মীর জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা

>> কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া

এই সংক্রান্ত খবর

কারখানায় এখন শুধু স্থানীয় শ্রমিক, দাবি মালিকদের

কোভিড-১৯: ঝুঁকি নিয়েই খুললো পোশাক কারখানা