২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় এখন শুধু স্থানীয় শ্রমিক, দাবি মালিকদের

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে যে পোশাক কারখানাগুলো চালু হয়েছে, তাতে শুধু স্থানীয় শ্রমিকরাই কাজ করছেন বলে দাবি করেছেন শিল্প মালিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 06:46 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার তারা সচিবালয়ে এক বৈঠকে একথা জানালে তাতে আশ্বস্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “ঢাকায় অবস্থিত শ্রমিকদের নিয়েই তারা কারখানা চালাতে যাচ্ছেন এবং শুরু করেছেন। কাজেই বাহির থেকে শ্রমিক আসার তো প্রশ্নই আসে না।

“তারাই (শিল্প মালিক) ওয়াদা করেছেন যে, জনস্বার্থে করোনাভাইরাসে যাতে অধিক সংখ্যক আক্রান্ত না হয়, বাহির থেকে কোনো শ্রমিক আসবে না।”

Image
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে ঢাকার মিরপুর-৭ নম্বরের রিও ফ্যাশনঅয়্যারে সাধারণ সতর্কতা অবলম্বন করে কারখানায় ঢুকছে শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে ঢাকার মিরপুর-৭ নম্বরের রিও ফ্যাশনঅয়্যারে সাধারণ সতর্কতা অবলম্বন করে কারখানায় ঢুকছে শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

বিশ্বে মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ রোগ ছোঁয়াচে বলে এর বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে অবরুদ্ধ অবস্থা তৈরি করা হয়।

সেই লকডাউন শুরুর কিছু দিনের মধ্যে তৈরি পোশাক শিল্প মালিকদের কেউ কেউ কারখানা চালুর উদ্যোগ নিলে বাড়ি ফিরে যাওয়া শ্রমিকরা গাড়ি না পেয়ে হেঁটেই রওনা হন ঢাকার পানে।

এতে ভাইরাসের বিস্তারের ঝুঁকি তৈরি হলে সমালোচনার মুখে পিছু হটেন পোশাক শিল্প মালিকরা। তবে লকডাউন এক মাস পেরিয়ে যাওয়ার পর গত রোববার থেকে পোশাক কারখানাগুলো খুলেছে।

এবার তাদের বাইরে থেকে শ্রমিক না এনে কারখানার আশপাশের এলাকায় বসবাসরত শ্রমিকদের দিয়ে কাজ চালানোর শর্ত দেওয়া হয়েছে। তবে শনিবারও দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের আবারও ঢাকা-গাজীপুরে ফেরার চিত্র দেখা যায়।

শ্রমিকদের বের করার ‘দায় নিতে হবে’ বিজিএমইএকেই  

রাতের আঁধারে ফের ঢাকার পথে পোশাক শ্রমিকরা

কোভিড-১৯: ঝুঁকি নিয়েই খুললো পোশাক কারখানা  

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঙ্গলবারের বৈঠকে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, অনেক শ্রমিক ফিরে এলেও তাদের আপাতত কাজে নেননি তারা।

“দূর-দূরান্ত থেকে কোনো শ্রমিক আনছি না। কিন্তু তারপরও বাস্তবতা হল, অনেকে চলে এসেছেন। তাদের আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি, তারা আবার গ্রামে ফিরে না যাক। ঈদের ছুটি আমরা কীভাবে দেব? ঈদের আগে আরেকবার আমরা বসব ওইসব ব্যাপার নিয়ে।”

মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর সভাপতি ও প্রতিনিধিরা অংশ নেন। পুলিশ প্রধান বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালামও বৈঠকে ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারখানা চালু করতে গিয়ে শিল্প মালিকদের কোনো সমস্যা হচ্ছে কি না, শ্রমিকদের আনা-নেওয়া কী করে হবে, তা নিয়ে আলোচনা করেন তারা।

“যেহেতু আলোচনাটা অনির্ধারিত এবং অফিশিয়াল নয়, সেজন্য কোনো রেজুলেশন হয়নি। শুধু শেয়ার করেছি তাদের (মালিক) কী অসুবিধা হতে পারে এবং আমরা কোন জায়গায় তাদেরকে সহযোগিতা করব,” বলেন তিনি।

Image
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে 'জীবাণুনাশক টানেল'র মধ্য দিয়ে কারখানায় ঢুকছে শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে 'জীবাণুনাশক টানেল'র মধ্য দিয়ে কারখানায় ঢুকছে শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

“স্বাস্থ্য রক্ষার জন্য মালিক পক্ষ যে একটি স্বাস্থ্যাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলো দ্রুত করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। শ্রমিকরা যদি এই ভাইরাসে আক্রান্ত হন, তাদের সুরক্ষার জন্য মালিক পক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে, তা আমরা শুনেছি।”

“আমরা দেখেছি তারা (মালিক) সবকিছু আমলে নিয়ে কাজ করছেন এবং এই মুহূর্তে কোনো অসুবিধা ফেইস করছেন না বলে জানিয়েছেন,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শ্রমিকদের মার্চ মাসের বেতন ৯৭ শতাংশ কারখানাই পরিশোধ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান শিল্প মালিকরা।