২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কম বলে মানুষ মোটা ছেড়ে সরু চাল খাচ্ছে: খাদ্যমন্ত্রী

চালের দামের সাম্প্রতিক বৃদ্ধির নতুন এক ব্যাখ্যা হাজির করলেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 09:48 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

তিনি বলছেন, সরু চালের দাম কম বলে অনেকে মোটা চাল ছেড়ে তা খাচ্ছেন, সেই কারণে খুচরা বাজারে সরু চালের দাম খানিকটা বেড়েছে।

রোববার ঢাকার মতিঝিলে ফেডারেশন ভবনে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে বাজারে চালের দাম বৃদ্ধি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে এই কারণ দেখান খাদ্যমন্ত্রী।

চলতি নভেম্বর মাসের শুরুর দিকে মিল পর্যায়ে সরু চালের দাম বাড়তে শুরু করে। মাত্র এক মাসের মাথায় রশিদ, মোজাম্মেলসহ প্রায় সবকটি মিলে মিনিকেট চাল প্রতি কেজিতে ৪ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত বেড়ে যায়।

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক দুদিন আগেই চালের এই মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ধানের মূল্য বৃদ্ধিকে দেখিয়েছিলেন।

চালের মজুদ পর্যাপ্ত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও দাম কেন বাড়ছে, সেই প্রশ্ন রাখা হয়েছিল সাধন মজুমদারকে।

উত্তরে তিনি বলেন, “চালের দাম বাড়েনি। যেটুকু বেড়েছে খুচরা বাজারে বেড়েছে।

“মোটা চাল আর মানুষ খায় না, সবাই সরু চাল খায়। ধানের দাম কমে যাওয়ার ফলে চালের দাম কমে গেছে, তাই সরু চালে অভ্যস্ত হয়ে গেছে মানুষ। কম দামের কারণে তারা সরু চালে অভ্যস্ত হয়ে গেছে।”

মানুষ সরু চালে অভ্যস্ত হওয়ার কারণে এখন আর মোটা চাল বিক্রি হচ্ছে না বলেও দাবি করেন পারিবারিকভাবে চালের ব্যবসায় যুক্ত নওগাঁর সংসদ সদস্য সাধন।

“খোলা বাজারে ৩০ টাকায় মোটা চাল বিক্রি করতে পারছি না। ডিলাররা সেই চাল নিতে চাচ্ছে না। কারণ তার বিক্রি করতে পারছে না।”

Image
খাদ্যমন্ত্রী সাধন মজুমদার (ফাইল ছবি)

খাদ্যমন্ত্রী সাধন মজুমদার (ফাইল ছবি)

খাদ্যমন্ত্রী চালের দর নিয়ে যে তথ্য দিয়েছেন, তার সঙ্গে সরকারি সংস্থা টিসিবির হিসাব মেলে না।

ঢাকার বাজার দর নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি যে দৈনিক প্রতিবেদন  তৈরি করে, তাতে রোববারের প্রতিবেদনে দেখানো হয়েছে, মোটা চালের দাম গত এক মাসে ১০ শতাংশের বেশি বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

টিসিবির প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে এক মাসে মাঝারি চালের দাম বেড়েছে ১১ শতাংশের বেশি। আর সরু চালের দাম ৬ থেকে সাড়ে ৮ শতাংশ বেড়েছে।

খাদ্যমন্ত্রীর সঙ্গে দ্বিমত জানিয়ে ঢাকার মিরপুর-১ নম্বরের শাহ আলী মার্কেটের আড়ৎদার মহিউদ্দিন হারুনও বলেন, চলতি মাসের শুরু থেকে বাড়ছে চালের দাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি মাসের শুরু থেকে মিল মালিকরা চালের দাম বাড়াতে শুরু করে। এক পর্যায়ে রশিদ, মোজাম্মেলসহ ভালো মানের মিলগুলো কেজিতে ৬ টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়। তবে গত চার দিন ধরে চালের বাজার স্থিতিশীল রয়েছে। নতুন করে আর দাম বাড়েনি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিক্রেতা বলেন, “ধানের দাম বাড়ার কারণে চালের দাম বাড়াতে হয়েছে বলে মিল মালিকরা দাবি করেছেন। তবে মিলগুলোতে ধান কেনা থাকে অনেক আগেই।”

Image
নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এফবিসিসিআইর আলোচনায় খাদ্যমন্ত্রী সাধন মজুমদারসহ অন্যরা

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এফবিসিসিআইর আলোচনায় খাদ্যমন্ত্রী সাধন মজুমদারসহ অন্যরা

খাদ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “সরু চালের দাম যেটা বেড়েছিল, সেটা নিয়ে সাথে সাথে আমরা মিল মালিক ও ব্যবসায়ীদের নিয়ে মিটিং করেছি। আশা করি, চালের মূল্য আবার সহনীয় পর্যায়ে আছে।”

দেশে চালের ‘প্রচুর’ মজুদ থাকার কথা জানিয়ে সাধন বলেন, “খাদ্যের কোনো অসুবিধা হবে না, এটা নিশ্চিত থাকেন। মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খুলেছি, ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জননিরাপত্তা সেলে চিঠি দিয়েছি। খাদ্য মন্ত্রণালয়ের ১০টি টিম বাজার মনিটর করছে।”

পুরনো খবর:

ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম: কৃষিমন্ত্রী