২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলএনজি আমদানি নিয়ে প্রশ্ন তেল-গ্যাস রক্ষা কমিটির

দেশের গ্যাস তোলার দিকে নজর না দিয়ে বিদেশ থেকে এলএনজি আমদানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 10:05 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

বিদেশি কোম্পানিগুলোকে লাভের সুযোগ করে দিতেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জ্বালানির উপর নির্ভরতা বাড়ানো হচ্ছে বলে দাবি করেছে নাগরিক সংগঠনটি।

বাংলাদেশের বাজারের চেয়ে প্রায় চার গুণ বেশি খরচে এলএনজি আমদানির মধ্যে গ্যাসের দাম বাড়াতে বিইআরসির গণশুনানির প্রেক্ষাপটে মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনের মুক্তিভবনে সভা করে তেল-গ্যাস রক্ষা কমিটি।

‘গ্যাস-বিদ্যুতের দামবৃদ্ধি : জাতীয় স্বার্থবিরোধী মহাপরিকল্পনা ও এলএনজি নির্ভরতা’ শীর্ষক এই পর্যালোচনা সভায় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “যেখানে নিজের দেশেই গ্যাস আছে, কেন এলএনজি আমদানি করা হচ্ছে?

“যেখানে নিজেদের গ্যাসের ভিত্তিতে সুলভে উৎপাদনসহ পুরো অর্থনীতিতে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব, সেখানে এগুলোর দাম বাড়িয়ে কেন পুরো অর্থনীতিকে একটা বিপজ্জনক পরিস্থিতিতে ফেলা হচ্ছে?”

পেট্রেবাংলার হিসাবে, বাংলাদেশে যে পরিমাণ গ্যাসের প্রমাণিত মজুদ রয়েছে, তার অর্ধেক উত্তোলন করা হয় ২০১৫ সালের মধ্যে। তারপর মজুদ ছিল ১৩ দশমিক ৬০ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।

সভায় মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাহিদা সুলতানা গ্যাস উত্তোলনের কাজে অগ্রসর না হয়ে দামি জ্বালানির উপর নির্ভরতা বাড়ানোকে দায়ি করেন।

তিনি বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জ্বালানির উপর নির্ভরতা বাড়ছে।

“২০১৭ সালে দুই দফায় গ্যাসের দাম ২২ শতাংশ বাড়ানো হয়। ২০১৮ সালের মধ্যে ৩০ শতাংশ বাড়ানো হবে। সব খাতে গ্যাসের বর্তমান গড় ইউনিট প্রতি মূল্য ৭ টাকা ৩১ পয়সা থেকে বেড়ে ৯ থেকে সাড়ে ৯ টাকা হবে।”

“বর্তমানে সেই এলপিজি ও এলএনজি উপর নির্ভরতা বাড়ানো হচ্ছে, তাও মূলত প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীলহতে চলেছে। এলপিজির বাজারও ঊর্ধ্বমুখী, অনৈতিকভাবে দাম বাড়ানো হচ্ছে।”

আনু মুহাম্মদ বলেন, “গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে কোনো যুক্তিতেই টিকে না। দেশি-বিদেশি লুটেরাদের সুবিধা দেওয়ার জন্য আগে থেকেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।”

কনিজ অনুসন্ধানকারী রাষ্ট্রীয় সংস্থা বাপেক্সকে ‘বসিয়ে’ রাখার সমালোচনাও করেন তিনি।

“বাপেক্সকে একদিকে বসিয়ে রাখা হয়েছে, আরেক দিকে তাকে বিদেশি কোম্পানির সাব কন্ট্রাক্ট বানানো হচ্ছে। বিদেশি কোম্পানি কাজ করে মুনাফা করবে, আর আসল কাজ করবে বাপেক্স।”

বাপেক্সের এক সাবেক চেয়ারম্যানকে উদ্ধৃত করে তিনি বলেন, “তিনি বলেছেন তারা যখন দায়িত্বে ছিলেন তখন তারা জানতেন মগনামায় কোনো গ্যাস নেই। যেখানে কোনো গ্যাস নেই সেখানে অনুসন্ধানের জন্য সান্তোসকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে গ্যাস নেই, অনুসন্ধানের নাম করে ২৩০ কোটি টাকা সান্তোস নিয়ে গেছে। সেই টাকা নিশ্চয় সান্তোস একা পায়নি, যারা সিদ্ধান্ত দিয়েছে, তারাও পেয়েছে।”

আনু মুহাম্মদ বলেন, “আবার গ্যাসের সঙ্কটের কথা বলে ভারত, চীনাসহ বিভিন্ন দেশের কোম্পানির সঙ্গে চুক্তি করা হচ্ছে। যে কাজ এক টাকায় করা যায়, সেই কাজ আট টাকা দিয়ে রাশিয়ান কোম্পানিকে দিয়ে করা হচ্ছে।

“গ্যাসের দাম বাড়ানোর আগে সরকার বলছে উৎপাদন খরচ বেড়ে গেছে, সেই দাম বাড়ানোর চাপটা জনগণের উপর দেওয়া হচ্ছে।”

বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ বাড়ানোর সমালোচনাও করেন তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব।

“এর মূল কথা হচ্ছে, এই যে জ্বালানি খাতে সরকার যা যা করবে, নাগরিকরা এগুলো নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। দায় মুক্তি আইন যদি না থাকত, তাহলে এই বিষয়ে সরকারের যতগুলো পদক্ষেপ আছে, সেগুলো আদালতে গিয়ে আটকে যেত। কারণ এসবগুলোই হচ্ছে অনিয়ম, দুর্নীতিতে ভরা এবং অযৌক্তিক।”

সভায় সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা আবুল হাসান রুবেলও বক্তব্য দেন।

পুরনো খবর:

কেন গ্যাস আমদানি, প্রশ্ন বদরুল ইমামের