২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরবাসীদের জন‌্য বিশেষ পদক্ষেপের সুপারিশ

চরের মানুষের জীবনমানের উন্নয়নকাজ তদারকির জন‌্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করেছেন বাংলাদেশ ব‌্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বৃহস্পতিবার ‘চরের টেকসই উন্নয়নে প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তার বিষয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই সুপারিশ করেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব রেখে ইব্রাহিম খালেদ বলেন, “পিকেএসএফের মতো একটি প্রতিষ্ঠান করা গেলে প্রতিষ্ঠানটি চর এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে পারবে। কারণ ব্যুরোক্রেসি এটার ওপর প্রভাব ফেলতে পারেনি।

“এরকম একটি প্রতিষ্ঠানের জন্য জাতীয় সংসদে আইন পাস করতে হবে। তাই এতে সাংসদদের সহযোগিতা প্রয়োজন।”

“দেশের পিছিয়ে পড়া বিপুল মানুষের উন্নয়নে অবশ্যই কৌশল গ্রহণ করতে হবে,” বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম খালেদ। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস‌্য নাভানা আক্তার।

ইব্রাহিম খালেদ বলেন, “গত দুই বাজেটে চর এলাকার মানুষের জন্য ৫০ কোটি টাকা করে বরাদ্দ থাকা সত্ত্বেও ভেতরে (প্রশাসনের) গণ্ডগোল থাকায় ওই বরাদ্দ ব্যয় করা সম্ভব হয়নি।

“অথচ চরে বসবাসকারী প্রায় এক কোটি মানুষের ৭০ ভাগই হতদরিদ্র। এ্ই বিপুল পরিমাণ জনসংখ্যার জীবন মান উন্নয়ন করতে হলে শিক্ষিত করে গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উন্নয়ন হবে।”

বিআইডিএস মহাপরিচালক মুর্শিদ বলেন, চর এলাকার মূল সমস্যা হচ্ছে দুর্গম। দুর্গম এলাকা হওয়ায় ওখানে সব রকম প্রতিষ্ঠানই দুর্বল।

“তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই এলাকায় শিক্ষা পৌঁছে দিতে পারলে সবচেয়ে কার্যকর বিনিয়োগ হবে। শিক্ষা হচ্ছে মৌলিক বিনিয়োগ।

সংসদ সদস‌্য নাভানা বলেন, “চরের মানুষরা আজ রাজা কাল ফকির। যার সব আছে হঠাৎ নদী ভাঙনের কবলে তিনি সর্বস্ব খুইয়ে বসেন। মুলত নদী ভাঙনের কারণেই চরের মানুষ গরিব। কিন্তু বালুর এলাকা হওয়ায় উন্নয়নও করা যায় না।”

চরের উন্নয়নে দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।