২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভের অর্থ উদ্ধারে সহায়তার আশ্বাস নিউ ইয়র্ক ফেড-সুইফটের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংব অব নিউ ইয়র্ক এবং আন্তঃব্যাংক লেনদেনে বার্তা আদান-প্রদানকারী প্রতিষ্ঠান সুইফট সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 08:17 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সহযোগিতায় চুরির সঙ্গে জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে সম্মিলিত সহযোগিতার উপরও গুরুত্বারোপ করেছে এই তিন পক্ষ।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার এই তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক ও সুইফট এ আশ্বাস দেয় বলে বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া সাইবার জালিয়াতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, নিউ ইয়র্ক ফেড এবং সুইফট এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ত্রিপক্ষীয় বৈঠকে রিজার্ভ হ্যাকিং সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়, এ ধরনের প্রতারণা ঠেকাতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

“সবপক্ষই যথদ্রুত সম্ভব অর্থ উদ্ধারে সুদৃঢ়ভাবে কাজ করতে এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সহযোগিতায় প্রতারক চক্রকে আইনের আওতার আনার বিষয়ে সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্বারোপ করে।”

ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে সবার একযোগে কাজ করার কথাও বৈঠকে উঠে আসে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন ডেভেলপমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক দেবদুলাল রায়, অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাকের হোসেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব।

গত ৪ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে মোট ৭০টি ভুয়া পেমেন্ট ইনস্ট্রাকশনের (পিআই) মাধ্যমে মোট ১৯২৬ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরের চেষ্টা করে হ্যাকাররা।

এর মধ্যে একটি পিআই এর বিপরীতে শ্রীলংকায় ২০ মিলিয়ন ডলার এবং চারটি পিআই এর বিপরীতে মোট ৮১ মিলিয়ন ডলার ফিলিপিন্সের একটি ব্যাংকের চারজন গ্রাহকের হিসাবে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের অনুরোধে শ্রীলংকার ব্যাংক সম্পূর্ণ অর্থ ইতোমধ্যে ফেরত দিয়েছে।

পুরনো খবর:

রিজার্ভের অর্থ ফেরানোর অপেক্ষা ঘুচছে ‘শিগগির’