রিজার্ভের অর্থ ফেরানোর অপেক্ষা ঘুচছে ‘শিগগির’
রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের একটি অংশ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিজার্ভের হিসাব থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধার করে ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
“এসব উদ্যোগের ধারাবাহিকতায় একটি অংশ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে।”
বাংলাদেশ ব্যাংক অর্থ উদ্ধার কার্যক্রমে ফিলিপিন্সের সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থাসহ দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ব্যাংকের আইনজ্ঞ সহযোগিতা দিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রিজার্ভ চুরির ঘটনার পর প্রায় এক মাস নীরব থাকলেও রোববারের বিজ্ঞপ্তিতে পুরো বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্বের অন্যতম বৃহৎ সাইবার চুরির এই ঘটনা বাংলাদেশের মানুষ জানতে পারে ফিলিপিন্সের একটি পত্রিকার খবরের মাধ্যমে।
বিষয়টি চেপে রাখায় সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান; বড় ধরনের রদবদল আনা হয় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে।
বিজ্ঞপ্তিতে পুরো বিষয় এবং অর্থ আদায়ের ‘নানা ধাপ’ তুলে ধরে বাংলাদেশ ব্যাংক।
এতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে মোট ৭০টি ভুয়া পেমেন্ট ইন্সট্রাকশনের মাধ্যমে মোট ১৯২৬ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরের চেষ্টা করে হ্যাকাররা।
এর মধ্যে ১টি পিআই এর বিপরীতে শ্রীলংকায় ২০ মিলিয়ন ডলার এবং ৪টি পিআই এর বিপরীতে মোট ৮১ মিলিয়ন ডলার ফিলিপিন্সের একটি ব্যাংকের চারজন গ্রাহকের হিসাবে পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের অনুরোধে শ্রীলংকার ব্যাংক সম্পূর্ণ অর্থ ইতোমধ্যে ফেরত দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফিলিপিন্সে পাঠানো ৮১ মিলিয়ন ডলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এর চারটি হিসাবে জমা হয় এবং সমপরিমাণ অর্থ ব্যাংকের একই শাখায় পরিচালিত অপর একজন গ্রাহকের হিসাবে জমা হয়।
“এবং এই অর্থ একটি মানি রেমিটেন্স কোম্পানি হয়ে ফিলিপাইনে পরিচালিত ক্যাসিনোতে চলে যায় এবং পরবর্তীতে তা একজন ফিলিপিনো-চাইনিজ ব্যবসায়ী হাতিয়ে নেয়।”
পরে এই ঘটনা তদন্তের দায়িত্ব পায় ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিপিন্সের সিনেটের ব্লু রিবন কমিটিতে মোট সাতটি শুনানি হয়েছে, যাতে অর্থ চুরির বিষয়ে ব্যবসায়ী কিম অং, আরসিবিএল এর কয়েকজন কর্মকর্তা, মানি রেমিটেন্স কোম্পানিসহ অন্যদের সংশ্লিষ্টতার বিষয়গুলো উন্মোচিত হয়েছে।
কিম অংয়ের ফেরত দেওয়া ১৫ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে ফেরত আনতে অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিল ও আদালতে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তাদের আশা, শিগগির এই অর্থ ফেরত পাওয়া যাবে।
