২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়নের দাবি রিহ্যাবের 

নিম্ন আয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতা বাড়াতে ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের দাবি জানিয়েছে আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:13 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

প্রস্তাবিত বাজেট পর্যালোচনার ওপর রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ওই তহবিল থেকে দীর্ঘ মেয়াদে কম সুদে ঋণ দেওয়া হলে নিম্ম মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ভাড়ার সমান মাসিক কিস্তি পরিশোধ করে ফ্ল্যাট কিনতে পারবেন।

সোনারগাঁও হোটেলে এ সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, “২০০৯ সালের পর আবাসন খাতে ৯ শতাংশ সুদে আর কোনো ঋণ অনুমোদন হয়নি। মধ্যবিত্তের স্বপ্ন পূরণে ‘হাউজিং লোন’ নামে একটি পুনঃঅর্থায়ন তহবিল করার দাবি জানাচ্ছি।”

বাজেট ঘোষণার আগেই এ সুযোগ দেওয়ার দাবি জানানো হলেও ঘোষিত বাজেটে তার প্রতিফলন নেই জানিয়ে তিনি বলেন, “আমরা ২০ হাজার কোটি টাকার তহবিল উদ্যোক্তাদের জন্য চাচ্ছি না। বরং ক্রেতাদের সামর্থ বাড়ানোর জন্যই এ তহবিল প্রয়োজন।

“ক্রেতাদের সামর্থ বাড়ানো গেলে এ খাতের ফ্ল্যাট বিক্রি বাড়বে। কমে আসবে অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা।”

লিখিত বক্তব্যে রিহ্যাব সভাপতি বলেন, ২০১৩ সালের রাজনৈতিক অস্থিতিশীলতার হাত ধরে এ খাতের মন্দা শুরু।

মন্দা উত্তরণে আগামী অর্থ বছরের বাজেটে রেজিস্ট্রেশন ফি ও উৎসে কর কমানো, সেকেন্ডারি মার্কেটে রেজিস্ট্রেশন ফি ১ শতাংশ ও ২ শতাংশ হারে অর্থ প্রবাহ বাড়ানো এবং শহর এলাকায় ৫ বছর ও শহরের বাইরে ১০ বছরের ট্যাক্স হলিডে চালুসহ মোট ১৩টি প্রস্তাব রাখা হয়েছিল। এসব একটিও বিবেচনা করা হয়নি বলে সাংবাদকিদের জানান তিনি।

“আমরা কিছু সুবিধা চাইতে গিয়ে অসুবিধা নিয়ে এলাম,” বলেন আলমগীর শামসুল আলামিন।

তিনি বলেন, বর্তমানে আবাসন খাতে প্রতি বর্গমিটারে সর্বনিম্ন আয়কর ৬০০ টাকা। তা ৩০০ টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে উল্টো সর্বনিম্ন আয়কর ধরা হয়েছে এক হাজার টাকা।

ফলে দুই কোটি মানুষের আয়ের আবাসন খাতের মুখ থুবড়ে পড়ার আশংকা করেন তিনি।

একইসঙ্গে এ খাতের ওপর নির্ভরশীল আরও ২৬৯টি শিল্প সংকটে পড়তে পারে বলে মনে করেন রিহ্যাব সভাপতি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশ্নের এখতিয়ার রয়েছে। নতুন বাজেটে এবিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে ভীতির সঞ্চর করবে।এ অবস্থায় অপ্রদর্শিত অর্থ দেশে বিনিয়োগ না হয়ে পাচার হওয়ার আশংকা করেন তিনি।

সংগঠনের জেষ্ঠ্য সহ-সভাপতি নূরন্নবী চৌধুরী শাওন, প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, দ্বিতীয় সহ-সভাপতি মো. আহ্কাম উল্লাহ, সহ-সভাপতি প্রকৌশলী সরদার মো. আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।