সুদ আর বেতনেই রাজস্ব বাজেটের ৪০%
বর্তমান সরকারের তৃতীয় বাজেটে রাজস্ব ব্যয়ের যে ফর্দ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ধরেছেন, তার এক তৃতীয়াংশের বেশি চলে যাবে ঋণের সুদ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা মেটাতে।
গত ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী মুহিত। ৩ লাখ ৪০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেটে রাজস্ব ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৭৯ কোটি টাকা।
এর মধ্যে ৪০ হাজার কোটি টাকা বা ১৭ শতাংশই খরচ হবে সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধে। আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৫০ হাজার ৭৭৫ কোটি টাকা খরচ হবে, যা মোট রাজস্ব ব্যয়ের ২৩ শতাংশ।
এ দুই খাতে মোট খরচ হবে ৯০ হাজার ৭২৬ কোটি টাকা, যা মোট রাজস্ব বাজেটের প্রায় ৪০ শতাংশ।
অষ্টম বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত ডিসেম্বরে সরকারি চাকুরেরা বর্ধিত হারে বেতন পাওয়া শুরু করেন। এবার জুলাই থেকে তার সঙ্গে যুক্ত হবে নতুন হারে ভাতা। ফলে গতবারের তুলনায় এ খাতে বরাদ্দ বেশি রাখতে হয়েছে মুহিতকে।
বেতন-ভাতায় ব্যয়ের চিত্র
অর্থবছর | ২০১৫-১৬ | ২০১৫-১৬ সংশোধিত | ২০১৬-১৭ |
কর্মকর্তাদের বেতন | ৩,০৬৪ কোটি টাকা | ৬,২১৪ কোটি টাকা | ৬,৫৪৮ কোটি টাকা |
কর্মচারীদের বেতন | ১০,৭৪১ কোটি টাকা | ২০,২৯০ কোটি টাকা | ২১,২৬৩ কোটি টাকা |
মোট ভাতা | ১২,২৩৩ কোটি টাকা | ১৫,৯৮৫ কোটি টাকা | ২২,৯৬৪ কোটি টাকা |
মোট | ২৬,০৩৮ কোটি টাকা | ৪২,৪৮৯ কোটি টাকা | ৫০,৭৭৫ কোটি টাকা |
পাশাপাশি গত কয়েক বছরে সঞ্চয়পত্রের বিক্রি বেড়ে গেছে অনেক। পুঁজিবাজারে দীর্ঘদিনের মন্দা এবং ব্যাংক আমানতের সুদ হার কমায় ‘নিরাপদ বিনিয়োগ’ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকেছেন অনেকেই। সুদের হার কমিয়েও সঞ্চয়পত্র বিক্রি কমানো যায়নি।
বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে মূল বাজেটে সুদ পরিশোধ বাবদ খরচের জন্য বরাদ্দ ছিল ৩৫ হাজার ১০৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩১ হাজার ৬৬৯ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
নতুন বাজেটে এ খাতে বরাদ্দ ৩৯ হাজার ৯৫১ কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের জন্য ৩৮ হাজার ২৪০ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদের জন্য এক হাজার ৭১১ কোটি টাকা ব্যয় হবে।
|
গবেষণা পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বছর বছর সরকারের সুদ পরিশোধে ব্যয় বাড়ছে। অভ্যন্তরীণ ও বিদেশি- উভয় উৎস থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। তার সঙ্গে নতুন নতুন ঋণের সুদও যোগ হচ্ছে। ঘাটতি মেটাতে ঋণনির্ভরতা কমাতে না পারলে সুদ পরিশোধের এই মাশুল দিয়ে যেতেই হবে। সরকারের রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বেড়েছে। এরপরও আমরা ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারছি না। ঋণ নিয়ে কোথায় কীভাবে খরচ করা হচ্ছে তার স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিৎ। |
ঋণের চিত্র
এবারের প্রায় এক লাখ কোটি টাকার ঘাটতি বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
যার মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে ৩৯ হাজার ৯৩৮ কোটি টাকা। আর ব্যাংক বহির্ভূত উৎস, অর্থাৎ সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে নেওয়া হবে ২২ হাজার ৬১০ কোটি টাকা।
নতুন বাজেটে বৈদেশিক উৎস থেকে ৩৮ হাজার ৯৪৭ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর
সঞ্চয়পত্র থেকে ১৯ হাজার ৬১০ কোটি টাকা ধার করার পরিকল্পনা দিয়েছেন মুহিত।
বিদায়ী বাজেটে এ লক্ষ্য ছিল ১৫ হাজার কোটি টাকা।সঞ্চয়পত্রের বিক্রি বেড়ে যাওয়ায় সংশোধিত বাজেটে তা বাড়িয়ে প্রায় দ্বিগণ, ২৮ হাজার কোটি টাকা করা হয়।
সঞ্চয়পত্রের নিট বিক্রি
জুলাই-এপ্রিল ২০১৪-১৫ | ২৪ হাজার ১২৮ কোটি টাকা |
জুলাই-এপ্রিল ২০১৫-১৬ | ২৬ হাজার ৪৮৮ কোটি টাকা |
তথ্য: জাতীয় সঞ্চয় অধিদপ্তর
প্রতিদিন নতুন যে টাকার সঞ্চয়পত্র বিক্রি হয় তা থেকে আগের বিভিন্ন সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল শোধের পর যেটা অবশিষ্ট থাকে সেটাই নিট বিক্রি। আর এটাকেই ঋণ হিসেবে বিবেচনা করা হয়। কেননা, এজন্য গ্রাহকদের প্রতি মাসে, তিন মাস অন্তর বা বছর শেষে মোটা অংকের সুদ দিতে হয়।
সুদ-আসল পরিশোধের পর নিট বিক্রির টাকা সরকারের কোষাগারে থেকে যায়। প্রয়োজনে সেখান থেকে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডসহ প্রয়োজনীয় ব্যয় মেটায় সরকার। সরকার সেই টাকা খরচ করুক বা না করুক গ্রাহকদের সুদ শোধ করতে হয় ঠিকই।
অন্যান্য ব্যয়
সরবরাহ ও সেবা খাতের খরচের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১৫ হাজার ২৮৩ কোটি টাকা। মেরামত ও সংরক্ষণ বাবদ রাখা হয়েছে পাঁচ হাজার ৩৬৫ কোটি টাকা।
ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ বেড়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো। এ খাতে নতুন বাজেটে ১৭ হাজার ৭২৯ কোটি টাকা রাখা হয়েছে। বিদায়ী বাজেটে যা ১২ হাজার ৮৮৫ কোটি টাকা ছিল।
অবসর ভাতা এবং আনুতোষিক খাতেও ব্যয় বেশ খানিকটা বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ছিল ১১ হাজার ১৪৫ কোটি টাকা। নতুন বাজেটে তা ১৬ হাজার ৯১৫ কোটি টাকা রাখা হয়েছে।
