একটু বেশি রাজস্ব দিলে মন্দ হয় না: মুহিত
মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করায় গ্রাহকের ওপর তেমন চাপ পড়বে না বলেই মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কথা বলার উপরে ১ শতাংশ বেশি ট্যাক্স... যারা কথা বলেন, তাদের জন্য তেমন কিছু গ্রাহ্য করার বিষয় নয়। কিন্তু রাজস্ব আদায়ের এটি একটি উত্তম উপায়।”
অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর বৃহস্পতিবার রাতেই জাতীয় রাজস্ব বোর্ড একটি এসআরও জারি করে, যাতে মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা বলা হয়। ওই এসআরও পাওয়ার পরপরই মোবাইল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে নতুন হারে টাকা কাটা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে মুহিত বলেন, “সব দেশের চেয়ে আমরা সব থেকে কম আদায় করি। আমাদের হ্যাবিটটা চেইঞ্জ করা দরকার। রাজস্বের দিকে নজর দিতে হবে। কারণ আমরা সব সময় সরকার কী সেবা দিল তা নিয়ে হৈ চৈ করি, দাবি করি। কিন্তু সরকার সেবা দিতে গেলে যে রাজস্ব প্রয়োজন সেটা নিয়ে মোটেই মাথা ঘামাই না। তাই একটু বেশি রাজস্ব দিলে মন্দ হয় না।”
মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বাদ দিয়ে সিম ট্যাক্স বৃদ্ধি করে বিকল্পভাবে রাজস্ব আদায় করা যায় কী না-এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “দেশে মানুষ রয়েছে সাড়ে ১৫ কোটি, বর্তমানে আমাদের দেশে ১৩ কোটি মোবাইল সংযোগ আছে, এটা বিক্রি থেকে আর বেশি আশা করা সম্ভব নয়।”
অবশ্য মোবাইল ফোন অপারেটররা সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবকে তথ্য প্রযুক্তি ব্যবহার ও এ খাতে সার্বিক অগ্রযাত্রার অন্তরায় হিসেবেই দেখছেন।
বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ কলরেট প্রতি মিনিট ২ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ সম্পূরক, ১৫ শতাংশ ভ্যাট এবং এক শতাংশ সারচার্জ দিতে হতো গ্রাহককে। ওই এক মিনিটের জন্য খরচ হতো ২ টাকা ৩৯ পয়সা। সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করায় এখন তার খরচ বেড়ে হয়েছে ২ টাকা ৪৪ পয়সা।
একটি অপারেটরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্পূরক শুল্ক বাড়ায় মোবাইল ফোননির্ভর (কথা বলা, মেসেজ পাঠানো কিংবা ডেটা ব্যবহার) সব সেবারই খরচ বাড়বে।
বায়োমেট্রিক নিবন্ধন শেষে মে শেষের হিসাবে বাংলাদেশের ছয়টি অপারেটরের ১০ কোটি ৮১ লাখের বেশি মোবাইল ফোন বর্তমানে সচল রয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, এপ্রিলের শেষ নাগাদ দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫ কোটি ৮৬ লাখের বেশি।
