২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-ভোলাগঞ্জ সড়ক নির্মাণে চুক্তি

সিলেট বিমানবন্দর থেকে ভোলাগঞ্জ পর্যন্ত রাস্তাকে জাতীয় মহাসড়কে উন্নীত করতে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

৩২ কিলোমিটার দীর্ঘ এই সড়কে ব্যয় ধরা হয়েছে প্রায় চারশ ৪২ কোটি টাকা।

মঙ্গলবার হোটেল রেডিসনে নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের এ সংক্রান্ত চুক্তি হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাত অগ্রাধিকার পাচ্ছে। তবে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে পরিবহন খাতে। এরপরই জ্বালানি ও শিক্ষা খাত।

অর্থমন্ত্রী বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে পাথর পরিবহন করা হয়। তাই সড়কটিকে মজবুত করে নির্মাণ করতে হবে।

৩২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক বিমানবন্দর থেকে সালুটিকর-কোম্পানীগঞ্জ হয়ে ভোলাগঞ্জ পর্যন্ত যাবে।

সড়কটির উন্নয়নকাজের চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে শেষ করার উপর গুরুত্বারোপ করে মুহিত বলেন, “জাতীয়  স্বার্থে এ সড়কের প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে।”

মন্ত্রী প্রকল্প বাস্তবায়নকালে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর রাখার পরামর্শ দেন।

অর্থমন্ত্রী বলেন, “যে কোনো সড়ক-মহাসড়ক নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে পরবর্তী তিন বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ঠিকাদারের। এ বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়।”

চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইফতেখার কবির এবং ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতাব উদ্দিন নিজনিজ পক্ষে সই করেন।

সড়ক উন্নয়নে সই হওয়া দুটি প্যাকেজ এর চুক্তিমূল্য ৪১৫ কোটি ৪৫ লাখ টাকা।

এর আওতায় প্রায় ৩০ কিলোমিটার সড়ক বাঁধ, ১৩ কিলোমিটার সড়ক রিজিড পেভমেন্ট, ১৭ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট, ১টি সেতু ও ২টি কালভার্ট, প্রায় ৩০ কিলোমিটার ফুটপাতসহ ড্রেন নির্মাণ এবং অন্যান্য কাজ সম্পন্ন করা হবে।

চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ করবে ঠিকাদার প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে  এমরান আহম্মেদ এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত একেএ মোমেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।