২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের আওতায় আসবে নতুন ১৫ লাখ গ্রাহক

সারা দেশে নতুন ১৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনবে সরকার। ৪৪ হাজার কিলোমিটার সরবরাহ লাইন নির্মাণ করে এ বিপুল সংখ্যক গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা।

প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন।

পরে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সভায় মোট ১৬ হাজার ৮৮৭ কোটি ৮১ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ৪১ কোটি টাকা, ৫৯৬ কোটি টাকা প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার নিজস্ব তহবিল এবং দুই হাজার ২৫০ কোটি টাকা প্রকল্প সহায়তা থেকে যোগান দেওয়া হবে।

১৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের মোট ৮২ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় আসবে। ২০১৮ সালে প্রকল্পটির কাজ শেষ হবে। ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, প্রকল্পটির বাস্তবায়ন শেষে তা পূরণে অনেকটাই এগিয়ে যাবে সরকার “

সরকার প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

প্রকল্পের আওতায় ৪৪ হাজার কিলোমিটার সরবরাহ লাইন ছাড়াও ৮৩টি নতুন উপকেন্দ্র স্থাপন ও ৩৫টি উপকেন্দ্র আপগ্রেড করা হবে।

মন্ত্রী জানান,  বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে- ‘ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প’, যার ব্যয় দুই হাজার ২৯ কোটি টাকা।

৭৪৬ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ ও সুরক্ষা এবং ফিজিবিলিটি স্টাডি’ প্রকল্প।

‘ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প’, যার ব্যয় প্রায় ৬৬৭ কোটি টাকা।

কক্সবাজারের পেকুয়ায় ‘১২০০ মেগাওয়াটের আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ ও সুরক্ষা এবং ফিজিবিলিটি স্টাডি প্রকল্প’। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১৬ কোটি টাকা।

প্রায় ১৮৬ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘খুলনা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প’।

জাতীয় বেতার ভবনে আধুনিক ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৪৫ কোটি ২৯ লাখ টাকা।

৩৮৪ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘বাংলাদেশ গ্রামীণ পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প।

প্রায় ১২৭ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘জামালপুর শহরের নগর স্থাপত্যের পুন:সংস্কার ও সংস্কৃতি কেন্দ্র উন্নয়ন’ প্রকল্প।

এছাড়া ২৭৪ কোটি টাকা ব্যয়ে ‘ঢাকার ইস্কাটনে সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে ‘বাংলাদেশ আন্তর্জাতিক বিমান বন্দর সমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জরুরি সরঞ্জামাদি সরবরাহ ও সংস্থা’ প্রকল্প।

‘৯টি পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ’ প্রকল্পের জন্য ৭৫ কোটি এবং ‘সিলেট বিভাগ গ্রামীণ একসেস সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য ২৮৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

তিন হাজার ৬৭ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান ৩য় পর্য়ায়’ প্রকল্প।

১৮৭ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘হাই-টেক পার্ক, সিলেট (সিলেট ইলেক্ট্রনিক্স) এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প এবং প্রায় এক হাজার ২৯৩ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।