২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বায়ার্স ক্রেডিটের’ প্রভাব স্থানীয় ঋণ চাহিদায়

আমদানির জন্য ব্যবসায়ীদের বৈদেশিক মুদ্রার ঋণ (বায়ার্স ক্রেডিট) নেওয়ার হার ক্রমেই বেড়ে চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় মুদ্রার ঋণ চাহিদা কমার পেছনে বায়ার্স ক্রেডিট বেড়ে যাওয়া অন্যতম কারণ ।

আর ব্যবসায়ীদের অভিমত, ব্যবসার খরচ কমানোর জন্য শিল্পোদ্যোক্তারা বায়ার্স ক্রেডিটের দিকে ঝুঁকছেন।

এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হোসেন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বায়ার্স ক্রেডিটের সুদ হার কম। অভ্যন্তরীণ অনেক কারণেই উৎপাদন খরচ বেড়েছে। এই উৎপাদন খরচ কমাতে উদ্যোক্তারা বায়ার্স ক্রেডিটের দিকে ঝুঁকছেন।”

তাছাড়া বায়ার্স ক্রেডিটের ফলে দেশের বাজারে কম মূল্যে শিল্প পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে মনে করেন এই ব্যবসায়ী।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ডিসেম্বর শেষে এ খাতে ব্যবসায়ীদের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার ডলারে। 

২০১৪ সালের ডিসেম্বরে এই হার ছিল ২৯৮ কোটি ১৩ লাখ ৭০ হাজার ডলার; তার আগের বছরের ডিসেম্বরে ছিল ২৭২ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার।

বায়ার্স ক্রেডিট হচ্ছে দেশের আমদানিকারকের বিদেশি কোনো প্রতিষ্ঠানের থেকে বৈদেশিক মুদ্রায় নেওয়া ঋণ। দেশের কোনো আমদানিকারক মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) ও শিল্পের কাঁচামাল আমদানি করতে আমদানিকারক স্থানীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে থেকে ঋণ নিয়ে ওই পণ্য আমদানি করতে পারেন। এক্ষেত্রে সুদ হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।

কোনো ঋণের সুদ হার কেবল ৬ শতাংশের বেশি হলে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয় ব্যাংকগুলোর।

মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এসব ঋণের মেয়াদ এক বছর, আর শিল্পের কাঁচামাল আমদানিতে মেয়াদ ৬ মাস।

২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে ব্যবসায়ীদের এই ঋণ নেওয়ার সুযোগ করে দেয়। পরের মাস থেকেই শুরু হয় এই ঋণ গ্রহণ।

প্রথম বছর অর্থাৎ ২০১৩ সালের মার্চ পর্যন্ত ব্যবসায়ীরা ৬৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলারের বায়ার্স ক্রেডিট নিয়েছিলেন।

এরপর থেকে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে বায়ার্স ক্রেডিট গ্রহণের হার।

স্থানীয় মুদ্রার ঋণ চাহিদা কমার পেছনে বায়ার্স ক্রেডিট বেড়ে যাওয়াকে অন্যতম কারণ হিসেবে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা।

একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এমন মন্তব্য করে বলেন, “বর্তমানে ব্যাংক খাতে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য সৃষ্টি হয়েছে, যার কারণ দেশীয় মুদ্রায় ঋণ চাহিদা কমে যাওয়া।”

নভেম্বর শেষে স্থানীয় ব্যাংকগুলোর গড় ঋণের সুদ হার দাঁড়িয়েছে ১১ দশমিক ২৭ শতাংশ।

বায়ার্স ক্রেডিটের মত স্বল্প মেয়াদি ঋণের সুদ হার ব্যাংক ভেদে ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত।

তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে দুই ধরনের ঋণের ৬ মাস পর্যন্ত সময় পাওয়া যায়।  

গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মেয়াদোত্তীর্ণ বায়ার্স ক্রেডিটের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

এর মধ্যে এবি ব্যাংকের মেয়াদোত্তীর্ণ বায়ার্স ক্রেডিটের পরিমাণ ২ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি বায়ার্স ক্রেডিট এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে। ডিসেম্বর শেষে এই ব্যাংকটির বায়ার্স ক্রেডিটের স্থিতি দাঁড়িয়েছে ৩৭ কোটি ডলারে।

এরপরেই ইসলামী ব্যাংকের ২৫ কোটি ৭৫ লাখ, ইবিএলের ২৪ কোটি ৯২ লাখ, ওয়ান ব্যাংকের ২২ কোটি ৬৯ লাখ, ব্যাংক এশিয়ার ২২ কোটি ৩৯ লাখ, প্রাইম ব্যাংকের ২২ কোটি, সিটি ব্যাংকের ২১ কোটি ডলারের বায়ার্স ক্রেডিট রয়েছে।

এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের ১৯ কোটি ৮৯ লাখ, পূবালী ব্যাংকের ১৬ কোটি ৭৯ লাখ ও মার্কেন্টাইল ব্যাংকের বায়ার্স ক্রেডিট রয়েছে ১৬ কোটি ডলারের।

এছাড়া এসআইবিএল, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এইচএসবিসির মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণের বায়ার্স ক্রেডিট এসেছে।