বস্ত্র ও চামড়া খাতের জিটিএফ তহবিল গঠন
রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বস্ত্র ও চামড়া খাতে অর্থায়নের জন্য গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) বা সবুজে রূপান্তর তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, “বস্ত্র ও বস্ত্রপণ্য এবং চামড়া উৎপাদনকারী খাতে জড়িত প্রতিষ্ঠানকে মূলধনী যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আনুষঙ্গিক পণ্য আমদানি করার জন্য এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে।”
পরিবেশবান্ধব উদ্যোগ বলতে পণ্য ধোয়ায় পানি ব্যবহারে দক্ষতা, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদ দক্ষতা ও পুনোরুৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, তাপ ও তাপমাত্রা ব্যবস্থাপনা, বায়ু প্রবাহ ও সঞ্চালন দক্ষতা, কর্ম পরিবেশ উন্নয়নকে বুঝিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ এই তহবিল পরিচালনা করবে।
২০ কোটি ডলারের এই তহবিল হবে ঘূর্ণায়মান, অর্থাৎ দেওয়া ঋণের আদায়কৃত অংশ থেকে আবার ঋণ দেওয়া হবে।
অথরাইজড ডিলার এই ঋণের পুরো ঝুঁকি বহন করবে। ঋণ গ্রহীতা বাছাইয়ের ক্ষেত্রে এবং প্রকল্প মূল্যায়নের দায়িত্বও থাকবে তাদের উপর।
শর্ত রয়েছে যে কোনো ব্যাংক তার নিজস্ব পরিচালনা পর্ষদের সদস্যদের এই ঋণ দিতে পারবে না।
কেবল আমদানি ব্যয় মেটানোর জন্য এই তহবিলের ঋণ ব্যবহার হবে। ঋণ খেলাপি অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি আয় প্রত্যাবসনে ব্যর্থ গ্রাহক এই ঋণ পাবে না।
এই তহবিল থেকে ছয় মাসের লন্ডন আন্তঃব্যাংক সুদ হার বা লাইবরের সঙ্গে ২ দশমিক ২৫ শতাংশ যোগ করে অথরাইজড ডিলারদের ঋণের সুদের হার নির্ধারণ করা হবে।
অথরাইজড ডিলাররা তাদের নিজেদের ঋণের খরচ ও পরিচালন ব্যয় এবং একটি যৌক্তিক ঝুঁকি সমন্বয় স্প্রেড ও প্রফিট মার্জিন রেখে ঋণগ্রহীতার সুদের হার নির্ধারণ করতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, অথরাইজড ডিলাররা গ্রাহকদের থেকে কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া সুদ হারের সঙ্গে সর্বোচ্চ ১ থেকে ২ দশমিক ৫০ শতাংশ যোগ করে এই ঋণের সুদের হার নির্ধারণ করবে।
এই ঋণের মেয়াদ হবে পাঁচ থেকে ১০ বছর। প্রথম বছর কোনো সুদ পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ডের সুদ মূল সুদের সঙ্গে এক না করে ত্রৈমাসিক ভিত্তিতে আদায় করা হবে।
