আগামীতে অর্ধেক বরাদ্দ নেবেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগামীতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য সরকারি বরাদ্দের অর্ধেকটা নিয়ে বাকি ব্যয় নিজস্ব উৎস থেকে নির্বাহ করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে মঞ্চে বসা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার (অর্থমন্ত্রী) অর্থ না নিয়ে কীভাবে সামনে আগানো যায়, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ।
“আপনি যে অর্থ বরাদ্দ দেন ভবিষ্যতে তার অর্ধেক নেব, আর বাকি অর্ধেক আমাদের। সরকারি টাকা না নিয়ে নিজেদের টাকায় চলব।”
চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৮ হাজার ৫৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়; যা মোট বাজেটের প্রায় ৬ দশমিক ২৮ শতাংশ।
আগের অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল মোট বাজেটের প্রায় ৩ দশমিক ৯০ শতাংশ; নয় হাজার ৩৩৯ কোটি টাকা।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “বেসরকারি প্রতিষ্ঠান যদি নিজেদের টাকায় মুনাফা করতে পারে, তাহলে সরকারি প্রতিষ্ঠান কেন পারবে না?”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
“বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলেছি, আরও ভালো হতে হবে। আমাদের ক্যাপাসিটি ১১ হাজার মেগাওয়াট হলেও আট হাজার উৎপাদন হচ্ছে। আমি বলেছি, ২০১৯ সালে যখন আমাদের ক্ষমতা হস্তান্তরের সময় আসবে, তখন যেন ৮০ শতাংশ হয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী।
