২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি মুদ্রার ঋণে অনিয়ম, ক্ষমা চাইল দুই ব্যাংক

‘বায়ার্স ক্রেডিটের’ ঋণ সময়মতো পরিশোধ করছেন না কোনো কোনো ব্যবসায়ী। পাশাপাশি বিদেশি মুদ্রায় ঋণ নিয়ে পরে সেই অর্থ স্থানীয়ভাবে নেওয়া ঋণ পরিশোধেও ব্যবহার করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 01:19 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

এবি ব্যাংক লিমিটেড ও সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) কয়েকজন গ্রাহকের নেওয়া বায়ার্স ক্রেডিট মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তদন্তে অনিয়মের এই তথ্য উঠে এসেছে। এসব ঋণ ব্যাংক দুটির নিজস্ব অফশোর ব্যাংকিং ইউনিট থেকে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক এই অনিয়মের ব্যাখ্যা চাইলে ব্যাংক দুটি ব্যাখ্যার পরিবর্তে নিঃশর্ত ক্ষমা চেয়ে ‘আর এ ধরনের অনিয়ম হবে না’ বলে অঙ্গীকারও করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবি ব্যাংক ও এসআইবিএলের এ অনিয়ম ধরা পড়ার পর ব্যবসায়ীদের নেওয়া বায়ার্স ক্রেডিটের অর্থ অন্য খাতে ব্যবহার না করার জন্য ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “বায়ার্স ক্রেডিট যাতে সময়মত পরিশোধ করা হয় সে বিষয়ে নির্দেশনার পাশাপাশি বায়ার্স ক্রেডিটের পরিমাণ কমানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

“বলা হয়েছে, আগামীতে কোনো বায়ার্স ক্রেডিট মেয়াদোত্তীর্ণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাংক ও গ্রাহকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

দেশের কোনো আমদানিকারক বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে বিদেশি মুদ্রা ঋণ নিলে তাকে বলা হয় বায়ার্স ক্রেডিট। মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারিজ) আমদানিতে কোনো আমদানিকারক স্থানীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা আমদানি করতে পারেন। এক্ষেত্রে সুদ সর্বোচ্চ ৬ শতাংশ।

ব্যাংকগুলোকে কোনো ঋণের সুদ হার ৬ শতাংশ হলেই কেবল বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। এর কম হলে অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।

বিদেশি মুদ্রার এসব ঋণ মেয়াদোত্তীর্ণ ও অন্য খাতে ব্যবহার হওয়ায় বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা।  

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদেশিক মুদ্রায় নেওয়া ঋণ সময়মত পরিশোধ করা না হলে অতিরিক্ত সুদ পরিশোধের চাপ সৃষ্টি হয়।

এতে যেমন দেশ থেকে বেশি বিদেশি মুদ্রা চলে যায়, তেমনি লেনদেন ভারসাম্যেও চাপ তৈরি হয় বলে জানান তিনি।

“যেসব প্রতিষ্ঠান এই অতিরিক্ত সুদ পরিশোধ করে তারা সেটি সমন্বয় করার জন্য অনেক সময় বেতন-ভাতা কমিয়ে ফেলে।”

কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, এবি ব্যাংক লিমিটেড তাদের চট্টগ্রাম ইপিজেডের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে ঢাকার কারওয়ান বাজার শাখার গ্রাহক বিল্ডট্রেড ফয়েলস লিমিটেডকে ৭০ লাখ ডলার এবং বিল্ডট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে এক কোটি ৪৯ লাখ ২৩ হাজার ডলার ঋণ দেয়।

এই ঋণ নিয়ে প্রতিষ্ঠান দুটি ক্যাপিটাল মেশিনারিজ ও কাঁচামাল আমদানির পাশাপাশি স্থানীয় মুদ্রায় নেওয়া উচ্চ সুদের পুরনো ঋণও পরিশোধ করেছে।

এ ধরনের ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বিনিয়োগ বোর্ডের অনুমতি নেওয়ার বিধান থাকলেও গ্রাহক প্রতিষ্ঠান বা ব্যাংক শাখা তা করেনি।

এই দুই প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংকের সর্বশেষ বকেয়া পাওনা দাঁড়িয়েছে দুই কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার। এর মধ্যে ১ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার ‘ফোর্সড লোন’ সৃষ্টি করা হলেও নিয়ম মানা হয়নি।

এবি ব্যাংক এই ফোর্সড ঋণকে আবার এমনভাবে দেখিয়েছে যাতে তা খেলাপি ঘোষণা না হয়।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, গ্রাহকের সঙ্গে যোগসাজোশ করেই ব্যাংক এ কাজ করেছে। এর মাধ্যমে ব্যাংকও প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণের দায় থেকে বাঁচার চেষ্টা করেছে।

সবশেষে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিরস্কার ও সতর্ক করার মাধ্যমে এ যাত্রায় রেহাই পেয়েছে।

এ বিষয়ে এবি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও শীর্ষ কর্মকর্তারা কথা বলেননি।

একই ধরনের কাজ করেছে এসআইবিএলও। প্রিন্সিপাল শাখার গ্রাহক থারমেক্স গ্রুপের চট্টগ্রাম ইপিজেডের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে নেওয়া বায়ার্স ক্রেডিট সময়মত পরিশোধ না হওয়ায় এই ব্যাংকও ক্ষমা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরা পড়েছে, থারমেক্স গ্রুপের ৭১ লাখ ১০ হাজার ৬০৩ মার্কিন ডলারের ঋণটি ‘ওভারডিউ’ হয়ে পড়ায় ইচ্ছাকৃতভাবে ওভারডিউর পরিমাণ কম দেখাচ্ছে এসআইবিএল। এই ঋণ পুরোটাই খেলাপি ও এককালীন পরিশোধযোগ্য অবস্থায় চলে গেছে। 

এক্ষেত্রে ব্যাংক ‘ফোর্সড লোন’ সৃষ্টি করে অফশোর ইউনিটকে অর্থ পরিশোধ করলে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট (একক ঋণ গ্রহীতার সীমা) অতিক্রম করে। সেজন্য এই ঋণকে ফান্ডেড দায় না দেখিয়ে নন-ফান্ডেড দায় হিসেবে দেখিয়েছে এসআইবিএল।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে আরও উঠে এসেছে, নির্ধারিত সময়ে স্বীকৃত বিলের মূল্য পরিশোধের জন্য ‘মার্জিন বিল্ড আপ’ করেনি গ্রাহক। শাখা থেকেও বিষয়টি তদারকি করা হয়নি। বরং এই ঋণের অর্থে আমদানি করা কাঁচামাল বিক্রি করে থারমেক্স গ্রুপ যে অর্থ পেয়েছে তা অন্য খাতে ব্যবহারের সুযোগ করে দিয়েছে ব্যাংক।

এ বিষয়ে এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের বক্তব্য নিতে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

যে কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ক্ষমা চাওয়া হয়েছে সেই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকমল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে থারমেক্স গ্রুপের সব দায় পরিশোধ হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন আর কোনো সমস্যা নেই।”