২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাটেলাইট সিস্টেম কেনার চুক্তি বুধবার

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে প্রায় ২ হাজার কোটি টাকায় স্যাটেলাইট সিস্টেম কেনার চুক্তি করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 12:45 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস এলিনিয়া স্পেস’র সঙ্গে বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ চুক্তি সই হবে বলে বিটিআরসি সচিব সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং থ্যালেস এলিনিয়া স্পেস এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জঁ লুক গল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

গত ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে স্যাটেলাইট সিস্টেম কেনার প্রস্তাব অনুমোদন দেয় সরকার।

ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস এলিনিয়া স্পেস ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা চুক্তিমূল্যে স্যাটেলাইট সিস্টেম সরবরাহের কাজ পায়।

ফ্রান্সের প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু উপগ্রহ উৎক্ষেপণে প্রয়োজনীয় মূল যন্ত্রপাতিগুলো সরবরাহ করবে।

কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু’ উৎক্ষেপণ প্রকল্পের জন্য ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ২১৮ কোটি ৯৬ লাখ টাকায় রাশিয়ার কাছ থেকে অরবিটাল স্লট ইজারা নেওয়ার প্রস্তাবের অনুমোদন দেয় সরকার।

২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর এই উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা পরিচালনার ৩ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন করে একনেক।

২০১৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।