২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স প্রবাহে ভাটা

অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে সামান্য ভাটা পড়েছে, যদিও এ অবস্থা সাময়িক বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 10:58 AM

Updated : 22 Aug 2022, 01:46 PM

সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১০৮ কোটি ৭৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন; আগের মাস সেপ্টেম্বরে তারা পাঠিয়েছিলেন ১৩৪ কোটি ৯০ লাখ ডলার।

আর চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স হিসেবে বাংলাদেশে এসেছে ৫০২ কোটি ১২ লাখ ডলার। এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ১৫ শতাংশ কম।

২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ৫০২ কোটি ৮৯ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছরই কোরবানির ঈদের পরের মাসে রেমিটেন্স কম আসে। অক্টোবর মাসে সেটাই হয়েছে।”

আগামী মাসগুলোতে রেমিটেন্স বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২০১৪-১৫ অর্থবছরে মোট ১৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। ওই অংক ছিল আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৬ শতাংশ বেশি।

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলারের রেমিটেন্স আসে, অগাস্টে এসেছিল ১১৯ কোটি ৫০ লাখ ডলার।

তবে গত বছরের অক্টোবরের চেয়ে এবার ৬ দশমিক ৮৩ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে। ২০১৪ সালের অক্টোবরে এসেছিল ১০১ কোটি ৮০ লাখ ডলারের রেমিটেন্স।