আইপিএফএফ ঋণে সুদহার নির্ধারণ হবে সোফর পদ্ধতিতে
আগের লাইবরে এ হিসাব করা হত।
বিদেশি ঋণের সুদহার নির্ধারণে লাইবর যুগ শেষ হয়ে যাওয়ায় ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের ঋণের সুদহার সোফর বা এসওএফআর পদ্ধতিতে নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলারে বলেছে, সোফর (সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট) পদ্ধতিতে সুদহার হবে ৬ মাসের ‘সিএমই টার্মে’। এ সুদহার প্রকাশ করে যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ইউকে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথোরিটি (এফসিএ) এর অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সিএমই গ্রুপ।
চলতি বছরের জুন থেকে লাইবর বন্ধ হয়ে গেছে। এজন্য বাংলাদেশ ব্যাংক ১ জুলাই থেকে বিদেশি মুদ্রায় নেওয়া আইপিএফএফ ঋণে সোফর রেট কার্যকর করতে বলেছে।
আইপিএফএফ ও আইপিএফএফ ২ প্রকল্পে ছয় মাসের সিএমই মেয়াদের সোফর সুদহারে নির্ধারণ করতে হবে।
সিএমই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুয়ায়ী, সিএমইর ছয় মাসের সুদহার গত ২৪ অক্টোবর ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ। এর সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ যুক্ত হলে গ্রাহক পর্যায়ে ঋণ সুদহার হবে প্রায় সাড়ে ৮ শতাংশ।
আইপিএফএফ তহবিলের নীতিমালা অনুযায়ী, এ তহিবল থেকে ঋণ নিয়ে সোফর এর সঙ্গে স্থানীয় ব্যাংক সর্বোচ্চ ৩ শতাংশ সুদ যুক্ত করে গ্রাহকদের মাঝে বিতরণ করতে পারে। এর মধ্যে তহবিল পরিচালনা বাবদ দেড় শতাংশ বাংলাদেশ ব্যাংকে দেয় স্থানীয় ব্যাংক।
