জনসচেতনতা বাড়াতে ভ্যাট দিবস ও সপ্তাহে ব্যাপক প্রচারের উদ্যোগ
জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট দেওয়া নয়টি (উৎপাদন, সেবা ও ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে তিনটি করে) প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার চালাবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এজন্য মোবাইল ফোনে এসএমএস দেওয়া ছা্ড়াও বিভিন্ন গণমাধ্যমেও প্রচার চালানো হবে।
বরাবরের মতো এবারও ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর।
‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নিব’ এটি হচ্ছে এবারের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য।
২০১১ সাল থেকে ভ্যাট দিবস পালন করে আসছে এনিবআর।
বুধবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম বলেন, এই স্লোগানকে সামনে রেখে এবছর ভ্যাট দিবস উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড।
তিনি বলেন, “ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনকালে বাংলাদেশের সকল মোবাইল কোম্পানির মাধ্যমে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার (এসএমএস আকারে) কার্যক্রম চালানো হবে।
“ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ভ্যাট বিষয়ক জন সচেতনতার সৃষ্টির জন্য ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইনভিত্তিক মিডিয়া ইত্যাদি বিভিন্ন জাতীয় গণমাধ্যম ব্যবহার করে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।”
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ১০ ডিসেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাণী, নিবন্ধ সম্বলিত ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট দেওয়া নয়টি (উৎপাদন, সেবা ও ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে তিনটি করে) প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
১০ ডিসেম্বর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি থাকবেন।
