হাতকড়া পরা যুবককে পাঠানো হল কারাগারে
ওসি বলেন, “মনিরের হাতে যে হাতকড়াটি ছিল সেটি পুলিশের জন্য সরবরাহ করা নয়। হ্যান্ডকাফটি সে কোথায় পেয়েছিল সেটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।”
চট্টগ্রামে হাতকড়া পরা অবস্থায় আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হালিশহর থানার ওসি কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক মনিরকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
ওসি বলেন, “মনিরের হাতে যে হাতকড়াটি ছিল সেটি পুলিশের জন্য সরবরাহ করা নয়। হ্যান্ডকাফটি সে কোথায় পেয়েছিল সেটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।
“হাতকড়াটি কোথায় পেয়েছে, সে নিজে লাগিয়েছে নাকি অন্য কেউ সেটি তার হাতে লাগিয়ে দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সময় পুলিশ সেজে অপরাধীরা বিভিন্ন অপরাধ সংঘটিত করে। মনিরও সে ধরনের কিছু করছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি।”
সোমবার রাতে হালিশহর সিএসডি গোডাউন এলাকা থেকে হাতকড়া পরা অবস্থায় ঘুরতে দেখে মনিরকে আটক করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। পরে তাকে হালিশহর থানায় সোপার্দ করা হয়।
আনুমানিক ২৬ বছর বয়সী এ যুবকের বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তার বিরুদ্ধে পুলিশ দুইটি চুরির মামলার খোঁজ পেয়েছে।
আটকের পর মনির পুলিশকে জানিয়েছে, দুই-এক দিন আগে তিনি বাগেরহাট থেকে চট্টগ্রাম আসেন।
