২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছিনতাই: একজনের হাতে ছুরি, আরেকজন রিকশাযাত্রীর পকেট কাটল

রিকশাযাত্রী বলতে থাকেন, ‘দিই দিই। আরে ভাই দিতাছি তো’।

ছিনতাই: একজনের হাতে ছুরি, আরেকজন রিকশাযাত্রীর পকেট কাটল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইন এলাকায় এক রিকশাযাত্রীকে ছুরির মুখে আটকে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিতে দেখা যায় দুই ছিনতাইকারীকে।

ছবি- ভিডিও থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 03:28 PM

Updated : 19 Sep 2026, 05:00 PM

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার অদূরে সতীশ বাবু লেইনে এক রিকশাআরোহীকে ছুরি দেখিয়ে তার জিনিসপত্র কেড়ে নিয়েছে দুই ছিনতাইকারী।

ওই ঘটনার একটি ভিডিও শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ঘটনাটি কবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (কোতোয়ালী) খায়রুল বাশার জানিয়েছেন, জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

ভিডিওতে যা আছে

ভিডিওর শুরুতে দেখা যায়, ছিনতাইকারীদের বহনকারী একটি ব্যাটারিচালিত রিকশা অদূরে দাঁড়িয়ে আছে। দুই ছিনতাইকারী অন্য একটি প্যাডেলচালিত রিকশার এক আরোহীকে আটকে তার পকেটে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তখন ওই রিকশাযাত্রী বলতে থাকেন, ‘দিই দিই। আরে ভাই দিতাছি তো’।

Image

ছবি- ভিডিও থেকে নেওয়া।

সেসময় শাদা টি শার্ট ও নীল রঙের শার্ট পরা দুই ছিনতাইকারীকেই রিকশাযাত্রীর পকেট থেকে জিনিসপত্র কেড়ে নিতে দেখা যায়। তখন দুই ছিনতাইকারীর হাতেই ছুরি দেখা গেছে।

প্যান্টের পকেটে থাকা জিনিসপত্র বের করে দিতে দেরি হওয়ায় নীল রঙের শার্ট পরা ছিনতাইকারী রিকশাযাত্রীর প্যান্টের পকেট থেকে কিছু একটা জোর করে বের করার চেষ্টা করছিল।

সে ব্যর্থ হলে, শাদা টি শার্ট পরা ছিনতাইকারী হাতে থাকা ছুরি দিয়ে রিকশাযাত্রীর প্যান্টের পকেট কাটতে শুরু করেন। জিন্সের প্যান্টের পকেটে থাকা কিছু একটা ছিনিয়ে নিতেও দেখা যায় ভিডিওতে।

এরপর নীল শার্ট পরা ছিনতাইকারী সামনেই দাঁড় করিয়ে রাখা একটি ব্যাটারিচালিত রিকশায় গিয়ে উঠে। তখন আশেপাশের ভবন থেকে লোকজনের ‘মার মার’ বলে চিৎকার ভেসে ওঠে।

এক পর্যায়ে দুই ছিনতাইকারীই ব্যাটারিচালিত রিকশায় করে পালিয়ে যায়। তখন স্থানীয়রা ‘চোর চোর’, ‘ধর ধর’ বলে চিৎকার করে ওই রিকশাটিকে ধাওয়া দেয়। সেসময় ছিনতাইয়ের কবলে পড়া ব্যক্তিকে রাস্তা থেকে কিছু কুড়িয়ে নিতে দেখা যায়।

Image

ছবি- ভিডিও থেকে নেওয়া।

সব তথ্য একসঙ্গে জানাবে পুলিশ

ঘটনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (কোতোয়ালী) খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ঘটনার কথা বলছেন সেই বিষয়টি আমাদেরও নজরে এসেছি। ঘটনাটি অপ্রত্যাশিত।

“আমাদের টিম জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। আশা করছি পজেটিভ ফিডব্যাক দিতে পারব। সে পর্যন্ত আর বিস্তারিত কিছু বলছি না। সব তথ্য একসাথে আপনাদের জানাব।”

সতীশ বাবু লেইনের অদূরে কোতোয়ালী থানার অবস্থান। স্থানীয় বাসিন্দারা বলেন, কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেইনে ভোরের দিকে ইদানিং ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

এছাড়া কোতোয়ালী মোড় ও নিউমার্কেট মোড় এলাকায় সম্প্রতি সন্ধ্যায় ও রাতে একাধিক মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলেও ভাষ্য স্থানীয়দের।