১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্ট টিভির দর্শক এবার গুনবে ইউটিউব, বাড়বে ভিউ

একসঙ্গে কতজন দেখছেন তা বুঝতে তারা ‘ক্যামেরা বা মাইক্রোফোনের মতো কোনো ডিভাইসের’ সাহায্য নেবে না তারা।

স্মার্ট টিভির দর্শক এবার গুনবে ইউটিউব, বাড়বে ভিউ

নতুন এই ব্যবস্থায় ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা ও ওয়াচ টাইম আগের চেয়ে বেশি দেখা যাবে। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 07:10 PM

Updated : 19 Nov 2026, 07:10 PM

নতুন এক পরিমাপকের বদৌলতে আবারও বাড়তে চলেছে ইউটিউবের ভিউ সংখ্যা।

‘ইউটিউব ক্রিয়েটর ইনসাইডার’-এর এক এক্স পোস্ট বলছে, টেলিভিশনে ভিডিও দেখার ক্ষেত্রে গুগলের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি এখন একজনের বেশি দর্শক গণনা করতে পারে।

কেবল টিভিতে দেখা ভিডিওর ক্ষেত্রেই এই অতিরিক্ত ‘কো-ভিউ’ যুক্ত হবে, যা লং-ফর্ম ভিডিও, শর্টস ও লাইভ ভিডিও সব ধরনের কনটেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

ইউটিউব বলছে, পরিবারের সবাই মিলে ভিডিও দেখার ক্ষেত্রে দর্শকসংখ্যা এতদিন কম হিসাব করা হচ্ছিল। ফলে নির্মাতারা তাদের ভিডিওর রিচ সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছিলেন না।

প্ল্যাটফর্মটি লিখেছে, নতুন এই পরিমাপকের লক্ষ্য ‘টিভি শিল্পের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য ধরে রাখা, যার মধ্যে প্রচলিত সম্প্রচার মাধ্যম ও বিভিন্ন স্ট্রিমিং নেটওয়ার্ক কীভাবে কোনো কনটেন্টের মোট দর্শকসংখ্যা অনুমান করে তা অন্তর্ভুক্ত রয়েছে।”

অ্যাকাউন্টধারীর পাশাপাশি আর কে ভিডিও দেখছেন, ইউটিউব তা কীভাবে জানবে এমন প্রশ্ন জাগতেই পারে।

এ বিষয়ে প্ল্যাটফর্মটি বলেছে, টিভিতে একসঙ্গে কতজন দেখছেন তা বুঝতে তারা ‘ক্যামেরা বা মাইক্রোফোনের মতো কোনো ডিভাইসের’ সাহায্য নেবে না।

মানুষের বয়স, লিঙ্গ বা এলাকাভিত্তিক তথ্য ও তারা কোন সময়ে কেমন ভিডিও দেখেন এসব বিষয়ের ওপর ভিত্তি করে ‘প্রাইভেসি পরিসংখ্যানগত পদ্ধতির মাধ্যমেই’ অতিরিক্ত দর্শক বা ভিউ হিসাব করবে।

তবে এ পদ্ধতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইউটিউব।

নতুন এই ব্যবস্থায় ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা ও ওয়াচ টাইম আগের চেয়ে বেশি দেখা যাবে। ফলে কনটেন্ট নির্মাতারা তাদের চ্যানেলের কৌশল নির্ধারণ, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের প্রস্তাব ও অন্যান্য পরিকল্পনার জন্য আরও বেশি তথ্য পাবেন।

এই ‘কো-ভিউ’ মানদণ্ডটি আগের ভিডিওগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভিউ বাড়লেও এর মাধ্যমে নির্মাতাদের বিজ্ঞাপনের আয় বাড়বে না।

‘ইউটিউব ক্রিয়েটর ইনসাইডার’ লিখেছে, “কো-ভিউ বিজ্ঞাপনের আয় বা ওয়াইপিপি শর্তাবলীর ওপর কোনো প্রভাব ফেলবে না। নির্মাতাদের আয়, অ্যাডসেন্স থেকে অর্থ প্রাপ্তি ও ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ্যতা আগের মতোই যোগ্য ভিউ ও ওয়াচ আওয়ারের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে।”