টাকার জন্য এক কিশোরকে ফুসলে নিল আরেক কিশোর, অতঃপর খুন
ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে মুক্তিপণের জন্য খুন করা হয় কিশোরটিকে।
চট্টগ্রামের হিলভিউ এলাকায় তিন দিন আগে নুর নবী নামে যে কিশোরের লাশ পাওয়া গেছে, তার সঙ্গে ঘর ছাড়া আরেক কিশোরকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, টাকার জন্যই তাকে ফুসলিয়ে ঢাকা থেকে নিয়ে আসা হয়ছিল।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে রোববার ১৬ বছর বয়েসী এ কিশোরকে গ্রেপ্তার করা হয়, যাকে নুর নবীর হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
সোমবার বিকালে ওই কিশোর চট্টগ্রাম মহানগর হাকিম অলিউল্লাহর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুর নবীর সঙ্গে ঘর ছাড়া ওই কিশোরকে জামালপুরে বকশীগঞ্জে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এই খুনে এক যুবক জড়িত বলে পুলিশ জানিয়েছে। সেই যুবক এখনও ধরা পড়েনিনি। তবে গ্রেপ্তার কিশোরের কাছে সেই যুবকের বিষয়ে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ‘তদন্তের স্বার্থে’ তার নাম প্রকাশ করেনি।
ওসি সন্তোষ চাকমা জানান, মায়ের কাছ থেকে নেওয়া টাকা ফেরৎ দিতে মাস্ক ওই যুবকের পরামর্শে নুর নবীকে ফেনীতে তার কাছে নিয়ে আসেন এ কিশোর। এজন্য ওই যুবক তাকে গাড়ি ভাড়াও পাঠিয়েছিলেন।
গ্রেপ্তার কিশোরের আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, এই কিশোর তার মায়ের ট্রাংক থেকে ২০ হাজার টাকা চুরি করে খরচ করে ফেলেছিল। সেটি তার মা জানতে পেরে তাকে টাকা ফেরৎ দিতে বলে। তখন সে টাকা জোগাড় করতে মূলত মাস্ক পড়া যুবকটির পরামর্শে নুর নবীকে কৌশলে ঢাকা থেকে নিয়ে আসে।
এক কর্মকর্তা বলেন, “মাস্ক পরা ওই যুবক তাকে পরামর্শ দিয়েছিল নুর নবীকে নিয়ে গেলে তার বাবার কাছ থেকে টাকা নিতে পারবে। তার মধ্যে ২০/৪০ হাজার টাকা তাকে দেবে।
“ওই যুবক নুর নবীকে নিয়ে যাওয়ার জন্য বিকাশের মাধ্যমে ৫০০ টাকা দিয়েছিল। এরপর ২১ অগাস্ট তারা যাত্রাবাড়ী থেকে বাসে করে ফেনীতে ওই যুবকের কাছে যায়। দুইদিন সেখানে থাকার পর তারা ২৩ অগাস্ট চট্টগ্রামে আসে।”
গ্রেপ্তার কিশোরে ভাষ্য অনুযায়ী, ২৪ অগাস্ট ওই যুবক নুর নবীর বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন। এরপর সেদিন রাত ১২টার দিকে ওই যুবক নুর নবীকে মাথায় ইট দিয়ে কয়েকটি আঘাত করেন, পরে ছুরিকাঘাতে হত্যা করেন।
গত ২৫ অগাস্ট নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে. নুর নবীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে তার বাসা। তার বাবার নাম গোলাম রসুল, যিনি গত ২২ অগাস্ট ঢাকার যাত্রাবাড়ী থানায় ছেলে নিখোঁজ হওয়ার কথা জানিয়ে জিডি করেছিলেন।
খবর পেয়ে বড় ভাই রমজান হোসেন চট্টগ্রামে গিয়ে নুর নবীর লাশ শনাক্ত করেন। এরপর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তিনি।
