২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিহত কিশোর ঢাকার, অপহরণের পর চাওয়া হয় মুক্তিপণ

ধলপুরের বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়; ইমোতে দাবি করা হয় টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 01:07 AM

Updated : 26 Aug 2023, 05:07 PM

চট্টগ্রাম নগরীতে উদ্ধার হওয়া লাশটি ঢাকার যাত্রাবাড়ী থেকে নিখোঁজ এক কিশোরের; যাকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে হিলভিউ আবাসিক এলাকা থেকে মো. নুর নবী (১৪) নামে ওই কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে বাড়ি ওই কিশোরের। তার পিতার নাম গোলাম রসুল।

রাতে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের বড় ভাই রমজান হোসেন ওই কিশোরের লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা হয়েছে।

গত ২১ অগাস্ট যাত্রাবাড়ীর বাসা থেকে খেলতে বের হয়ে নুর নবী নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন যাত্রাবাড়ী থানায় তার বাবা নিখোঁজ ডায়েরি করেছিলেন বলে ওসি জানান।

মামলায় নুরনবীকে অপহরণ করে পরিবারের কাছে টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

নিহতের বড় ভাই রমজানের করা এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার দুপুরে তার বাবার মোবাইলে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি ইমোতে কল করতে বলেন। ইমোতে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে নুর নবির ছবি পাঠিয়ে সে ভারতের সীমান্ত এলাকায় আছে বলে জানানো হয়।

ওই সময় বিভিন্ন নম্বর থেকে তার বাবার নম্বরে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে এবং বৃহস্পতিবার ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিলে সকালে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে অপরপ্রান্ত থেকে জানানো হয়।

মামলায় আরও বলা হয়, মুক্তিপণ দাবির প্রেক্ষিতে রমজান পাঁচ হাজার টাকা প্রদান করেন। পরে ওই ব্যক্তিরা তাদের সঙ্গে যোগাযোগ না করতে বলে তার বাবার ইমো নম্বরে নুরু নবীর একটি ভিডিও পাঠায়।

ওই ভিডিওতে কিশোরটিকে যে স্থানে দেখা যায় সেটি চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন বলে তারা জানতে পারেন।

রমজানের দাবি, ষোলশহর রেল স্টেশনে তার ছোট ভাইয়ের অবস্থান জেনে তিনি ভাইকে খুঁজতে সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। সেখানে স্টেশনের এক কর্মীকে ভিডিও দেখিয়ে শিশুটির খোঁজ করেন এবং তার মোবাইল নম্বর দিয়ে খোঁজ পেলে জানাতে বলেন।

শুক্রবার রেল স্টেশনের ওই কর্মী হিলভিউ আবাসিক এলাকায় একটি শিশুর লাশ উদ্ধারের খবর জানিয়ে ফোন করেন। পরে তারা সেখানে গিয়ে নুর নবীর লাশ শনাক্ত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়কে একটি গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কয়েক গজ দূরে রক্তমাখা ছুরিও পাওয়া যায়।

ওসি সন্তোষ চাকমা জানান, মামলায় হোসেন ভাই বলে একজনের কথা বলা হয়েছে। কিশোরটি যাদের সঙ্গে খেলতে বাসা থেকে বের হয়েছিল তাদের সে হোসেন ভাইয়ের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে বলে জানিয়েছিল।

পুলিশ অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

পুরানো খবর:

পুরনো খবর:

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন