চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন
লাশের কাছে পড়ে থাকা রক্তমাখা ছুরিও পুলিশ উদ্ধার করেছে।
চট্টগ্রামের ষোলশহরে ‘ছুরিকাঘাতে’ নিহত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে হিল ভিউ আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আনুমানিক ১২ বছর বয়সী ছেলেটির নাম-ঠিকানা জানতে তারা চেষ্টা করছেন।
ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটির শরীরে ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। ধারণা করছি ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে।“
লাশের কাছে পড়ে থাকা রক্তমাখা ছুরিও পুলিশ উদ্ধার করেছে।
