২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোর খুন: আরেক কিশোর ও মাস্ক পরা যুবককে খুঁজছে পুলিশ

পুলিশ বলছে, ২৪ অগাস্ট দুপুরে নুর নবীকে ষোলশহর স্টেশনে দেখা গেছে। এসময় তার সঙ্গে ২৫/২৬ বছর বয়সী ‘মাস্ক পরা’ এক যুবককে দেখা গেলেও হোসেনকে দেখা যায়নি। ওই যুবকের সঙ্গে নুর নবী স্বাভাবিকভাবে ঘোরাফেরা এবং ওই যুবককে মোবাইল ফোনে তার ভিডিও করতেও দেখা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 05:41 PM

Updated : 26 Aug 2023, 05:41 PM

চট্টগ্রামের হিল ভিউ আবাসিক এলাকায় যে কিশোরের লাশ পাওয়া গেছে, তাকে আগের দিনও ষোলশহর রেল স্টেশন এলাকায় দেখা গিয়েছিল। 

মাস্ক পড়া এক যুবকের সঙ্গে হাসিখুশি ভাবে ঘোরাফেরা এবং মোবাইলে ছবি তুলতে দেখা গেছে নুর নবী নামের ১৪ বছর বয়েসী কিশোরটিকে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, খুন হওয়া নুর নবীর সঙ্গে ঘর ছাড়া অপর কিশোর হোসেন এবং ‘মাস্ক পরা’ যুবককে খুঁজে পাওয়া গেলে হত্যার রহস্য উন্মোচন হবে।

নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে শুক্রবার মো. নুর নবীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে বাসা ওই কিশোরের। তার বাবার নাম গোলাম রসুল।

বড় ভাই রমজান হোসেন নুর নবীর লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় শুক্রবার রাতেই বন্দর নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহারে ‘হোসেন ভাই’ বলে একজনের কথা বলা হয়েছে। নিহত কিশোর ঢাকা ছাড়ার আগে যাদের সঙ্গে খেলতে বাসা থেকে বের হয়েছিল তাদেরকে হোসেন ভাইয়ের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে বলে জানিয়েছিল।

গত ২১ অগাস্ট যাত্রাবাড়ীর ধলপুরের বাসা থেকে খেলতে বের হয়ে নুর নবী নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন যাত্রাবাড়ী থানায় তার বাবা নিখোঁজ ডায়েরি করেছিলেন।

মামলায় বলা হয়েছে, ২৪ অগাস্ট দুপুরে নুর নবীর বাবাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিলে তাকে ঘরে পৌঁছে দেয়ার কথা বলা হয়।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্মদিনে যাওয়ার কথা বলে হোসেন নামে যার সঙ্গে নুর নবী ঢাকা ছেড়েছিল তার বয়স আনুমানিক ১৬ বছর। ওই কিশোরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

“পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নুর নবীকে অপহরণ করে চট্টগ্রামে আনা হয়নি। সে স্বেচ্ছায় ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিল।

যে নম্বর থেকে নুর নবীর বাবাকে প্রথম ফোন করা হয়েছিল সেটি অ্যাপ নম্বর। পাশাপাশি যে তিনটি নম্বর থেকে ফোন করা হয়েছিল সেগুলোর অবস্থানও চট্টগ্রামে ছিল না বলে জানান ওসি সন্তোষ চাকমা। 

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, যে স্থান থেকে নুর নবীর লাশ উদ্ধার করা হয়েছে সেখানকার আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেগুলোর একটিতে ২৪ অগাস্ট দুপুরে নুর নবীকে ষোলশহর স্টেশনে দেখা গেছে।

এসময় তার সঙ্গে ২৫/২৬ বছর বয়সী ‘মাস্ক পরা’ এক যুবককে দেখা গেলেও হোসেনকে দেখা যায়নি। ওই যুবকের সঙ্গে নুর নবী স্বাভাবিকভাবে ঘোরাফেরা এবং ওই যুবককে মোবাইল ফোনে তার ভিডিও করতেও দেখা গেছে।

মুক্তিপণ দাবি করে নুর নবীর বাবার মোবাইলে যে ভিডিও পাঠানো হয়েছিল সেটি ‘মাস্ক পরা’ যুবকই করেছিল বলে ধারণা পুলিশের।

তবে লাশ উদ্ধারের পরপরই নুর নবীর সঙ্গে ঘর ছাড়া হোসেন এবং মাস্ক পরা যুবকের খোঁজও পাওয়া যাচ্ছে না। যাদের পাওয়া গেলে হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন হবে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা।

ওসি সন্তোষ চাকমা বলেন, “পুলিশের ধারণা ২৪ তারিখ গভীর রাতে নুর নবীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এর আগে দুপুরে তাকে ষোলশহর রেল স্টেশনে মাস্ক পরা এক যুবকের সাথে দেখা গেছে।

“নবীর সাথে সাথে ঘর ছাড়া অপর কিশোর হোসেনকে পাওয়া গেলে মাস্ক পরা যুবকটির পরিচয় জানা যাবে। পাশাপাশি তারা ২২ ও ২৩ তারিখে চট্টগ্রামের কোথায়, কার কাছে ছিল সেটিও পরিষ্কার হবে।”

ওসি জানান, নুর নবীর বাবার কাছে মুক্তিপণ দাবি করে যে বিকাশ নম্বরটিতে টাকা পাঠাতে বলা হয়েছিল সেটি ষোলশহর রেল স্টেশন এলাকার কাছেই চশমা হিল সংলগ্ন এলাকার একটি দোকানের। তবে নম্বরটি দোকানির ব্যক্তিগত বিকাশ নম্বর ছিল।

এ ঘটনায় মো. সুজন নামের ওই দোকানিকে আটক করা হয়েছে জানিয়ে ওসি সন্তোষ বলেন, “দোকানি দাবি করেছে এক ব্যক্তি তার কাছ থেকে বিকাশ নম্বর চেয়ে নিয়েছিল। সেখানে পাঁচ হাজার টাকা আসলেও সেগুলো নিতে আসেনি।    

“কিন্তু এজেন্ট নম্বর না দিয়ে কেন ব্যক্তিগত বিকাশ নম্বর দেয়া হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। যার কারণে সুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে।”

পুরনো খবর:

চট্টগ্রামে নিহত কিশোর ঢাকার, অপহরণের পর চাওয়া হয় মুক্তিপণ
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন