২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা: মামলার আসামি ছাত্রলীগের রনি

ছাত্রলীগের সাবেক নেতা রনিসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে মামলায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 02:12 PM

Updated : 24 Jul 2023, 03:56 PM

চট্টগ্রামে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। 

বিএনপির ওই কার্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী মাহমুদ হোসেন সোমবার মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটি করেন। 

বাদী পক্ষের আইনজীবী মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রনিসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে মামলায়। 

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে। 

এ মামলায় রনি ছাড়াও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেলকেও আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা বাকি চার আসামি হলেন- ওমর খৈয়াম তৈয়ব (৪০), গোবিন্দ দাশ (২৫),  মো. তূষার (২৫) ও হৃদয় ওরফে ব্ল্যাক হৃদয়। 

পুরানো খবর:

পদযাত্রা থেকে নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা, পাল্টায় বিএনপি কার্যালয় ভাঙচুর
চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর
পদযাত্রা থেকে নৌকার কার্যালয়ে হামলার ঘটনায় দুই মামলা

চট্টগ্রাম নগর বিএন’র দপ্তর সেলের কর্মকর্তা মো. ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ জুলাই দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় তারা কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের মামলা নেয়নি। এ কারণে আদালতে গিয়ে তারা মামলা করেছেন। 

যে কারণে মামলা 

গত ১৯ জুলাই সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপিকর্মীরা নগরীর লালখান বাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।  

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ছাত্র ও যুবলীগের কর্মীরা নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে এসে পাল্টা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর দেওয়ান হাট মোড়ে পদযাত্রা শেষে বিএনপির ছোট ছোট মিছিলগুলো লালখান বাজার দিয়ে ফিরে যাওয়ার পথে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ গেইটের বিপরীতে বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের লাঠিসোঁটা দেখিয়ে স্লোগান দেয়।

নির্বাচনী কার্যালয়ে থাকা লোকজন ধাওয়া দিলে তারা চলে যায়। এ সময় পেছনে থাকা বিএনপিকর্মীরা সংঘবদ্ধ হয়ে বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ঢিল ছোড়ে।

এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় নির্বাচনী প্রচারে ব্যবহৃত গাড়ি ও মোটর সাইকেলসহ অন্তত ১০টি যানবাহন।

এরপর আওয়ামী লীগ কর্মীরা জড়ো হয়ে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে ভাংচুর করে।

আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনায় এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে খুলশী থানায় একটি মামলা করেন। 

পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আলাদা একটি মামলা করে। যেখানে ৪৪ জনকে আসামি করা হয়।