Published : 21 Dec 2021, 06:20 PM
মঙ্গলবার বিকালে বন্দরনগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের তৃতীয় তলায় এ সংঘর্ষ হয় বলে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উপজেলা পর্যায়ের প্রতিনিধি সভা হচ্ছিল কয়েক দিন ধরে। মঙ্গলবার সকালে ছিল রাঙ্গুনিয়া উপজেলার প্রতিনিধি সভা। এরপর বিকালে ফটিকছড়ি উপজেলার প্রতিনিধি সভা শুরুর আগে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর এবং গত সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর এ ঘটনার জন্য আজিম উল্লাহ বাহারের অনুসারীদের দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সরোয়ার আলমগীর বলেন, “আজিম উল্লাহ বাহার তার দুই ভাই শিবির ক্যাডার শওকত উল্লাহ ও এরশাদ উল্লাহকে নিয়ে আমার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়।”
“জামায়াত-শিবির থেকে আসা লোকজনকে দিয়ে উপজেলা বিএনপির কমিটি গঠন করে নিজের নিয়ন্ত্রণে রাখতে আজিম উল্লাহ বাহার এ ঘটনা ঘটিয়েছে।”

তার দাবি, হামলায় তার ২০ কর্মী-সমর্থক আহত হয়েছেন, যাদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে এ ঘটনার জন্য উল্টো সরোয়ার আলমগীরকে দায়ী করেছেন আজিম উল্লাহ বাহার।

সংঘর্ষের পর সভা স্থগিত করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, “আজকে বিএনপির প্রতিনিধি সভা ছিল। সেখানে সর্বসাকুল্যে ৩০-৪০ জন লোক থাকার কথা। কিন্তু ফটিকছড়ি থেকে ২০০/২৫০ যুবদল-ছাত্রদলের কর্মী এসে সভায় যোগ দিতে চেয়েছিল। তখন আমরা সভা স্থগিত করে চলে আসি।”
সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি জানিয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “মারামারিতে কয়েকজন আহত হয়েছেন শুনেছি। অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।“