নেতার প্রতি কর্মীর শ্রদ্ধা, কর্মীর প্রতি নেতার মমত্ব নাই: নাছির
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, তারই সহযোদ্ধা ছিলেন বিপ্লবী পুলিন দে,” বলেন মাহতাব।
সমসাময়িক রাজনৈতিক সংস্কৃতি নিয়ে খেদ প্রকাশ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেছেন, “বিপ্লবী ও অধ্যাপক পুলিন দে’র মতো এতো সাদাসিধে রাজনীতিক এখন নেই বললেই চলে। আজ স্বীকার করতেই হয়, নেতার প্রতি কর্মীর শ্রদ্ধা এবং কর্মীর প্রতি নেতাদের মমত্ব মুছে গেছে। এটা নেই বললেই চলে।
“এটা সত্যিকার অর্থে এক ধরনের সংকট। এই সংকট থেকে মুক্তি না পেলে দল, দেশ, সমাজ শুদ্ধ হবে না।”
অগ্নিযুগের বিপ্লবী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে’র ২৩ তম মৃত্যুবার্ষিকী উপক্ষে দলের নগর কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা প্রয়াত জননেতা অধ্যাপক পুলিন দে যে স্বাধীন মুক্ত ও যুক্ত বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে চুরমার করে দিয়ে পাকিস্তান নামক একটি অবৈজ্ঞানিক অবাস্তব ও সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল।
“পাকিস্তান গঠিত হলেও বাঙালির পায়ে নতুন করে দাসত্বের শৃঙ্খল আবদ্ধ হয়। তা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, তারই সহযোদ্ধা ছিলেন বিপ্লবী পুলিন দে। এই অসাম্প্রদায়িক নেতা বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ছিলেন।”
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, মানস রক্ষিত, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার ও মোহব্বত আলী খান।
