২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহর মুসআব ফের রিমান্ডে, নাজিম-রোকনকেও চায় পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গত জুলাইয়ে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মুসআব ইবনে উমাইরকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার এ আদেশ দেন।

নগরীর পতেঙ্গা থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় মুসআবকে রিমান্ডে পেল পুলিশ। এরআগে গত ১২ জুলাই সীতাকুণ্ড থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় মুসআবকে অন্য তিন সহযোগীসহ পাঁচ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা থানার মামলায় পুলিশ মুসআবকে ১০ দিনের রিমান্ডে চেয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এদিকে বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে গ্রেপ্তার আনসারুল্লাহর দুই সদস্য নাজিম উদ্দিন ও রোকন উদ্দিনকেও রিমান্ডে চেয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বলেন, বাকলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে।

“সেই মামলায় তাদের দু’জনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে রোববার এ বিষয়ে শুনানি হবে।”

গত ১০ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড থেকে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহর চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার চারজনের মধ্যে মুসআব ইবনে উমাইর (২৫) ছাড়া বাকি তিনজন হলেন- মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

এদের দেওয়া তথ্যে ১৩ জুলাই ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ইউনিয়নের বাবুনগর এলাকা থেকে তৌহিদুল আলম মানিক এবং ১৪ জুলাই সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাসিন্দা আরিফুল মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ২৯ জুলাই নগরীর কুলগাঁও থেকে আনসারুল্লাহর সংগঠক দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেনকে (২১) গ্রেপ্তার করা হয়।

৩১ জুলাই পতেঙ্গা এলাকা থেকে আক্কাস আলী ওরফে নয়ন, আতিকুল হাসান ওরফে ইমন, জামশেদুল আলম ওরফে হৃদয়, মো. রুবেল ও মো. মহিউদ্দিন নামে আরও পাঁচ আনসারুল্লাহ সদস্যকে গ্রেপ্তার করে ‍পুলিশ।

পতেঙ্গায় গ্রেপ্তার পাঁচজনের দেওয়া তথ্যে গত ১৮ অগাস্ট নগরীর পাঠানটুলী, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

সেখান থেকে ফরহাদ আহম্মেদ ওরফে রিপন, মো. ইমরান ও আহম্মদ হোসেন রনি ওরফে রুবেল নামে একই সংগঠনের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ বুধবার দুপুরে বাকলিয়া থেকে নাজিম উদ্দিন ও রোকন উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পতেঙ্গা এবং বাকলিয়া থেকে গ্রেপ্তার হওয়ারা মুসআব ইবনে উমাইর এর সাথে সম্পৃক্ততার কথা পুলিশকে জানায়।

জুলাই থেকে অগাস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৭ জন আনসারুল্লাহ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুরনো খবর:

তিন আনসারুল্লাহ সদস‌্যকে রিমান্ডে পেল পুলিশ
চট্টগ্রামে ৪ ‘আনসারউল্লাহ সদস্য’ রিমান্ডে
‘আনসারুল্লাহ’ নিয়ে ভাবনায় চট্টগ্রাম পুলিশ
আনসারুল্লাহ সদস্যরা ‘একে অন্যকে চিনতেন না’
চট্টগ্রামে সন্দেহভাজন ৩ জঙ্গি গ্রেপ্তার
আনসারুল্লাহ সন্দেহে চবি ছাত্রসহ আটক ২