২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সন্দেহভাজন ৩ জঙ্গি গ্রেপ্তার

চট্টগ্রামে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ‌ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 10:03 AM

Updated : 20 Aug 2022, 01:29 PM

বৃহস্পতিবার নগরীর পাঠানটুলি, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান জানান।

গ্রেপ্তাররা হলেন- ফরহাদ আহম্মেদ ওরফে রিপন (২৭), মো. ইমরান (২৬) ও আহম্মদ হোসেন রনি ওরফে রুবেল (২১)।

এদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে মাস্টার্স শেষ করে কর্ণফুলী ইপিজেডে একটি প্রতিষ্ঠানে ‘এনালাইটিক্যাল কেমিস্ট’ হিসেবে চাকরি করছিলেন।

এমরান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ‘পাওয়ার টেকনোলজি’ বিষয়ে ডিপ্লোমা শেষ করেছেন আর রুবেল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইনঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র বলে নাজমুল হাসান জানান।

“তাদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতবাদের বই, দুইটি ল্যাপটপ ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।”

শুক্রবার সকালে নগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মারুফ হোসেন জানান, গত ৩১ জুলাই পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার পাঁচ আনসারউল্লাহ সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পাঠানটুলি থেকে ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কর্ণফুলী থানার শিকলবাহা থেকে ইমরান ও পটিয়ার ধলঘাট থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।”

রনি আগে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান মারুফ।

“ইমরান পাওয়ার ডেভেলপমেন্ট বিষয়ে এক্সপার্ট। সে আনসারউল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সঙ্গে যুক্ত বলে আমরা ধারণা করছি”, বলেন এ গোয়েন্দা কর্মকর্তা।

গ্রেপ্তারদের সঙ্গে সীতাকুণ্ডের ‘জঙ্গি’ মুসাইব ইবনে উমায়েরের যোগাযোগ ছিল বলে জানান মারুফ। গত মাসে সীতাকুণ্ড থেকে মুসাইবসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নতুন তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে গোয়েন্দা কর্মকর্তা মারুফ জানান।