২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আনসারুল্লাহ’ নিয়ে ভাবনায় চট্টগ্রাম পুলিশ

গুলশান হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন জেএমবি এক দশক পর নতুন করে আলোচনায় এলেও আরেক জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম- এবিটি নিয়ে চিন্তিত চট্টগ্রামের পুলিশ।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 08:33 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

এই জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস‌্য সম্প্রতি চট্টগ্রামে ধরা পড়ার পর পুলিশের সন্দেহ, ‘বড়’ কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা থেকেই চট্টগ্রামে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই উগ্রবাদীদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততার কথাও বলছেন তদন্তকারীরা।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে এখনও বড় কোনো ঘটনা ঘটাতে পারেনি জঙ্গিরা। তাই এখানে কোনো ধরনের হামলার পরিকল্পনায় তারা সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারে।”

২০১৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকার মিরপুরে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার তদন্তে নেমে আনসারুল্লাহ বাংলা টিমের তৎপরতার সন্ধান পায় পুলিশ। ওই হত্যাকাণ্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র গ্রেপ্তার হওয়ার পর তাদের মতাদর্শিক গুরু হিসেবে মুফতি জসীমউদ্দিন রাহমানীর নাম আসে।

মোহাম্মদপুরের একটি মসজিদে বসে উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী মুফতি রাহমানী আনসারুল্লাহ বাংলা টিমের আমির। রাজীব হত্যাকাণ্ডে দণ্ডিত হয়ে তিনি কারাবন্দি।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের অভিযানে বহু নেতাকর্মী গ্রেপ্তার হওয়ার ফলে সেই আনসারুল্লাহ বাংলা টিম এখন আনসার আল ইসলাম বাংলাদেশ নামে নতুন করে কর্মকাণ্ড চালাচ্ছে।

আর ২০১২ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ‘অন্যতম হোতা’ বরখাস্ত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক এখন আনসার আল ইসলামের পিছনে রয়েছেন বলে আইজিপি একেএম শহীদুল হকের ধারণা।

গত বছর ফেব্রুয়ারিতে টিএসসিতে ব্লগার লেখক অভিজিৎ রায়কে হত্যার পর তেজগাঁওয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ,শাহবাগে আজিজ সুপার মার্কেটে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয়,গণজাগরণ মঞ্চের কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ, সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডেও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততার কথা বলছে পুলিশ।

এসব হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যে ছয়জনের সন্ধান দিতে পুরস্কার ঘোষণা করা হয় তারা সবাই এই সংগঠনের সদস্য।

গত বছর মে মাসে নিষিদ্ধ করা এই জঙ্গি গোষ্ঠী দমনে পুলিশি তৎপরতার মধ্যেই গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে নজিরবিহীন হামলা হয়, যাতে নিহত হন ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন।

এ হত্যাকাণ্ডের তদন্তে থাকা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কানাডা প্রবাসী তামিম চৌধুরী নেতৃত্বাধীন ‘নব্য জেএমবি’র সদস্যরা এই হামলায় জড়িত।

এরপর ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়েছেন জেএমবির নারী সদস্যরাও।

তবে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তারদের অধিকাংশ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

গত ১০ জুলাই রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অনন্তপুর থেকে আনসারুল্লাহবাংলা টিমের অন্যতম সংগঠক মুসআব ইবনে উমাইর (২৫),  মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১) নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Image
আনসারুল্লাহ সদস‌্যদের কাছ থেকে উদ্ধার উগ্রপন্থি বই

আনসারুল্লাহ সদস‌্যদের কাছ থেকে উদ্ধার উগ্রপন্থি বই

ধর্মান্তরিত মুসা সংগঠনটির অন্যতম সংগঠক বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

নাশকতার পরিকল্পনা নিয়ে তারা বাড়বকুণ্ডে জড়ো হয়েছিলেন বলে দাবি করেন বাহিনীর কর্মকর্তারা।

ওই সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “দেশকে অস্থিশীল করতে ও জঙ্গি তৎপরতা চালাতে বিভিন্ন কল-কারখানায় হামলার পরিকল্পনা নিয়েছিল তারা।”

স্থানীয় কয়েকজনের সহায়তায় তারা বাড়বকুণ্ডে জড়ো হন জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে হামলার পরিকল্পনা ছিল তাদের।

এরপর গত ২৮ জুলাই নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকা থেকে দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেনকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও জেলায় এবিটির সংগঠকদের একজন আব্দুল্লাহ চট্টগ্রামে সংগঠনের সদস্যদের সংগঠিত করতে এসছিলেন বলে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানায় পুলিশ।

মুসা ও আব্দুল্লাহর সূত্র ধরে ৩১ জুলাই পতেঙ্গার মুসলিমাবাদ এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, ‘নাশকতা’ ঘটানোর পরিকল্পনা নিয়েই ওই বাড়িতে জড়ো হয়েছিলেন তারা।

পতেঙ্গা থেকে গ্রেপ্তারদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর পাঠানটুলি, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ‘সদস্য ’ ফরহাদ আহম্মেদ ওরফে রিপন (২৭), মো. ইমরান (২৬) ও আহম্মদ হোসেন রনি ওরফে রুবেলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইনঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র রুবেল ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

গোয়েন্দা কর্মকর্তা মারুফ বলছেন, এই তিনজনের সঙ্গেই সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার মুসাইব ইবনে উমায়েরের যোগাযোগ ছিল।

আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত আরও বেশ কয়েকজনের খোঁজ মিলেছে জানিয়ে অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল বলেন, তথ্যগুলো যাচাই করা হচ্ছে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি চলছে।

তবে চট্টগ্রামে পরপর কয়েকটি অভিযানে সদস্যরা গ্রেপ্তার হওয়ার কারণে সংগঠনটি ‘অনেকটাই কোণঠাসা’ বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৫ সালে জেএমবির সারাদেশে সিরিজ বোমা হামলার সময় জঙ্গিরা সংগঠিত হয়েছিল। এখন পুলিশি তৎপরতা ও জনগণের সচেতনতার কারণে তারা সংগঠিত হতে পারছে না।

এই গোষ্ঠীর কাজের ধরন নিয়ে গোয়েন্দা কর্মকর্তা নাজমুল বলেন, “আনসারুল্লাহর কাজগুলো উপ-গ্রুপের মত, কয়েকজন মিলে একজনকে চিনলেও সবাই সবাইকে চেনে না।”

জঙ্গি কার্যক্রম চালাতে তারা নিজেদের মধ্য থেকে অর্থ যোগাড় করে বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

পুরনো খবর:

লেখক-ব্লগার হত্যা: ছয় জঙ্গিকে ধরতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা
‘মাস্টারমাইন্ড’ জিয়া ও তামিম, ধরিয়ে দিলে পুরস্কার
আনসারুল্লাহর ‘তথ্য মিলছে’ টুটুল হত্যাচেষ্টাকারীর কাছে
চট্টগ্রামে সন্দেহভাজন ৩ জঙ্গি গ্রেপ্তার
আল কায়দার নাম ভাঁড়িয়ে হত্যাকাণ্ডে আনসারুল্লাহ: ডিবি