২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহ সদস্যরা ‘একে অন্যকে চিনতেন না’

একে অন্যকে না চিনলেও নাশকতার এক পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রামের সীতাকুণ্ডে একসাথ হয়েছিলেন নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 10:52 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

রোববার গ্রেপ্তার এই চারজনকে জিজ্ঞাসাবাদে এই তথ্যই পাওয়া গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে গত রোববার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর থেকে মুসআব ইবনে উমাইর (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলামকে (৪১) গ্রেপ্তার করা হয়।

গত দেড় বছরে বেশ কয়েকটি জঙ্গি হামলায় আনসারুল্লাহ জড়িত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তার এই চারজনও নাশকতার পরিকল্পনা নিয়েই বাড়বকুণ্ডে জড়ো হয়েছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দাবি। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশকে অস্থিশীল করতে ও জঙ্গি তৎপরতা চালাতে বিভিন্ন কল-কারখানায় হামলার পরিকল্পনা নিয়েছিল তারা। সেজন্য তারা স্থানীয় কিছু লোকজনের সহায়তা নিয়ে বাড়বকুণ্ডে জড়ো হয়েছিল।”

চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিক ও আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের উপরও তাদের হামলার পরিকল্পনা ছিল বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বলেন, সংগঠনটির উচ্চ পর্যায়ের কয়েকজনের সঙ্গে পরিচয় থাকলেও বাকিরা আগে থেকে কেউ কাউকে চিনত না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনসারুল্লাহ অনেকটা জেএমবির আদলে ‘কাট-আউট’ পদ্ধতিতে সদস্য সংগ্রহ করে থাকে।”

তিনি জানান, বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে জড়ো হওয়া সংগঠনটির সদস্যরা তাদের নিজ এলাকায় এক নামে পরিচিত হলেও চট্টগ্রামে এসেছে ভিন্ন নামে। জেএমবি সদস্যদের মতো তারাও ছদ্মনাম ব্যবহার করছিল।

ধর্মান্তরিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিমে

ধর্মান্তরিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন চট্টগ্রামের বাড়বকুণ্ড থেকে গ্রেপ্তার মুসআব  ইবনে উমাইর। তার আগের নাম ছিল পিকলু দাস।

চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসাআব চট্টগ্রাম ইপিজেডের ইয়ং ওয়ান গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের খগেন্দ্র মহাজনের বাড়ির বাসিন্দা অরুণ কান্তি দাশের ছেলে পিকলু তিন বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।

ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন হাই স্কুল থেকে ২০০৪ সালে এসএসসি ও ২০০৬ সালে ইসলামীয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন পিকলু।

পিকলু এক সময় মাদকাসক্ত হয়ে পড়েছিল জানিয়ে তার পরিবারের সদস্যরা বলেন, ২০১২ সালের শেষ দিকে তাকে কয়েকমাসের জন্য নগরীর মুরাদপুরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তিও করানো হয়েছিল।    

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুসলিম এক তরুণীকে বিয়ে করে পিকলু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসআব নাম নেন। চাকরি নেন ইপিজেডের একটি পোশাক কারখানায়।

পিকলুর বাবা অরুণ কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের শুরু থেকেই ছেলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন।

“ইপিজেড এলাকার এক গার্মেন্টকর্মীকে সে পছন্দ করত। সে ওই মেয়েকে মেনে নেওয়া এবং বাসায় তোলার জন্য আমাদের উপর চাপ দেয়। অন্য ধর্মের হওয়ায় আমরা আপত্তি করলে সে আমাদের সাথে চরম দুর্বব্যবহার করে এবং জিনিসপত্র ভাংচুর করে।”

“একপর্যায়ে ওই মেয়েকে বিয়ে করার জন্য সে ঘর ছাড়ে। তারপরই সে ধর্মান্তরিত হয় এবং বিয়ে করে বলে শুনেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা বলেন, মুসআব  মূলত আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি সংগঠনটির বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

ধর্মান্তরিত হওয়ায় মুসআব সহজেই অন্যদের দাওয়াতি কার্যক্রমে আকৃষ্ট করতে পারতেন বলে জানান তিনি।

ছেলের জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে অরুণ দাশ বলেন, “পত্রিকার মাধ্যমে জেনেছি সে গ্রেপ্তার হয়েছে। সে এখন দেশ ও মানবতার শত্রু। আমি তার কৃতকর্মের শাস্তি দেখতে চাই।”

গ্রেপ্তার খোরশেদ আলম সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার একটি শিপইয়ার্ডে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করতেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ এলাকার বাসিন্দা ফয়সাল নগরীর আসকার দিঘীর পাড় এলাকায় থাকতেন।

রাসেল মোহাম্মদ ইসলাম নগরীর খাতুনগঞ্জ এলাকার মাহমুদ ডেনিম নামে একটি প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসেবে চাকরি করতেন বলে পুলিশ জানায়।

পুরনো খবর:

চট্টগ্রামে ৪ ‘আনসারউল্লাহ সদস্য’ রিমান্ডে