২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন আনসারুল্লাহ সদস‌্যকে রিমান্ডে পেল পুলিশ

চট্টগ্রামে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন‌্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 01:31 PM

বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম আবদুল কাদেরের আদালতে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।

নগরীর পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের রিমান্ডে চাওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ।

তিনি বলেন, “প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”

ওই তিন আনসারুল্লাহ সদস্য হলেন- ফরহাদ আহম্মেদ ওরফে রিপন (২৭), মো. ইমরান (২৬) ও আহম্মদ হোসেন রনি ওরফে রুবেল (২১)।

পতেঙ্গা থানার একই মামলায় সীতাকুণ্ড থেকে ১১ জুলাই গ্রেপ্তার এবিটি সদস্য মুসআব ইবনে উমাইরকে গ্রেপ্তার দেখাতে বুধবার আদালতে আবেদন করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা কাজী সাহাবুদ্দিন আহমেদ বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে ওই মামলায় মুসআবকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

এদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে মাস্টার্স শেষ করে কর্ণফুলী ইপিজেডে একটি প্রতিষ্ঠানে ‘এনালাইটিক্যাল কেমিস্ট’ হিসেবে চাকরি করছিলেন।

এমরান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ‘পাওয়ার টেকনোলজি’ বিষয়ে ডিপ্লোমা শেষ করেছেন আর রুবেল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইনঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।

১৮ অগাস্ট নগরীর পাঠানটুলী, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ৩১ জুলাই পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার অন্য পাঁচ আনসারুল্লাহ সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

গোয়েন্দা পুলিশ জানায়, এরআগে ১১ জুলাই রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে গ্রেপ্তার চার এবিটি সদস্যের মধ্যে মুসআব ইবনে উমাইর এর সাথে ১৮ অগাস্ট গ্রেপ্তার তিনজনের পরিচয় ছিল।

পুরনো খবর:

চট্টগ্রামে সন্দেহভাজন ৩ জঙ্গি গ্রেপ্তার
আনসারুল্লাহ সদস্যরা ‘একে অন্যকে চিনতেন না’
‘আনসারুল্লাহ’ নিয়ে ভাবনায় চট্টগ্রাম পুলিশ